বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতির পেছনে রয়েছে যুবসমাজের অবদান। তাঁদের হাত ধরে বাংলাদেশ আগামী দিনে উন্নত দেশে পরিণত হবে।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রামে আয়োজিত যুব মেলায় বক্তারা এ কথা বলেন।
ইউএনডিপির সহযোগিতায় নগরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা। মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ্। এতে অতিথি ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস, শহীদ জায়া মুশতারী শফী ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।
বিভাগীয় কমিশনার বলেন, ‘তরুণদের হাত ধরে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। এখন আমরা ভিশন ২০২১-এর স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যুবসমাজকে দায়িত্ব নিতে হবে। আমাদের স্বপ্ন ২০৪১ সালে উন্নত দেশের পর্যায়ে পৌঁছানো।’
ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর বলেন, গণতান্ত্রিক কর্মকাণ্ডে যুবসমাজকে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। বেকারত্ব দূর করে যুবকদের একটি শক্তিশালী সম্পদ হিসেবে ব্যবহার করতে পারলে তা দেশ ও জাতির জন্য হবে মঙ্গলজনক।
মুশতারী শফী বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ—সব ক্ষেত্রে যুবকদের অবদান আছে। দেশের অগ্রগতি তাঁদের হাত ধরেই হবে।’
বিশ্বজিৎ চৌধুরী বলেন, যুবকেরা দেশের ভবিষ্যৎ। যুবকদের হাত ধরে বাংলাদেশ শিল্প, সংস্কৃতি, অর্থনীতি সব দিকে এগিয়ে যাচ্ছে।
বিকেলে ছিল যুব সংলাপ। এ ছাড়া মেলায় বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।