‘যুবদের দুর্নীতিবিরোধী মনোভাবই গড়তে পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদের দুর্নীতিবিরোধী মনোভাবই গড়তে পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। গতকাল শনিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সমর্থিত নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটি ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট আয়োজিত যুব উৎসবে অংশ নিয়ে তরুণেরা এই মনোভাব ব্যক্ত করেন।‘মা-মাতৃভূমি-মাতৃভাষা চেতনায় যুব উৎসব’ স্লোগানে গতকাল দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যুব উৎসবের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, জননী, জন্মভূমির প্রতি মমত্ববোধ সৃষ্টি এবং একটি দেশপ্রেমিক যুবমানস গঠনের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে ব্যাপক করার লক্ষ্যে যুব উৎসবের আয়োজন করা হয়েছে। শহীদ মিনারের মুক্ত মঞ্চে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবার এভারেস্টজয়ী এম এ মুহিত। মঞ্চ থেকে ঢাক বাজিয়ে যুব উৎসবের উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, ‘সেই মানুষ সবচেয়ে সাহসী, যে দুর্নীতি করে না। আমরা সাহসী মানুষ চাই।’উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহীদ মিনার চত্বরে দুর্নীতিবিরোধী ব্যানারে স্বাক্ষর সংগ্রহ শুরু হয়। পরে দুর্নীতিবিরোধী কার্টুন, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী আন্দোলনে যুবসমাজের ভূমিকা নিয়ে সংলাপ এবং মা-মাতৃভূমি-মাতৃভাষাবিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। মা-মাতৃভূমি-মাতৃভাষা শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যায় উৎসবের সমাপ্তি ঘোষণা করেন সচেতন নাগরিক কমিটির সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।