সিলেট নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজ চত্বরে সাত দিনব্যাপী ‘যুবমেলা’ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। নারী মুক্তি সংসদ ও বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর শাখা আয়োজিত এইমেলার উদ্বোধন করা হয় সকাল ১০টায়। সিলেটের প্রবীণ বাম রাজনীতিবিদ আরশ আলী মেলার উদ্বোধন করেন। যুব মৈত্রীর কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্রের সভাপতিত্বে মেলা চত্বরে গতকাল আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য দেন সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য কমরেড ধীরেন সিংহ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকন্দর আলী, আবুল হোসেন, নারী মুক্তি সংসদের সম্পাদক শাহেদা বেগম প্রমুখ। নারী মুক্তি সংসদের সভাপতি ইন্দ্রানী সেন জানান, দেশের সাতটি বিভাগের নামে ৩২টি স্টল নিয়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য মেলায় প্রদর্শন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন মুক্তিযুদ্ধের চলচিত্র প্রদর্শনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়তে এই মেলার আয়োজন। নিজস্ব প্রতিবেদক, সিলেট