'যুবরাজে'র অবস্থার কিছুটা উন্নতি

চিকিত্সা দেওয়ার পর কুমিল্লা চিড়িয়াখানার একমাত্র সিংহ ‘যুবরাজ’-এর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। প্রাণীটি আগের চেয়ে সুস্থ।
গত ২৫ অক্টোবর বেলা একটায় ঢাকার তিন ভেটেরিনারি চিকিত্সক এসে অসুস্থ সিংহটিকে তিনটি ইনজেকশন দেন। সেই থেকে অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক। তিনি গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
এই তিন চিকিৎসক হলেন—কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রধান ভেটেরিনারি কর্মকর্তা মো. আবদুল হালিম, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুল হুদা সরকার ও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কর্মকর্তা নাজমুল হুদা।
ভেটেরিনারি কর্মকর্তা আবদুল হালিম বলেন, কুমিল্লা চিড়িয়াখানার সিংহটির বয়স প্রায় ১৬ বছর। একটি সিংহ ১৫ বছর পর্যন্ত বাঁচে। এ সিংহটির শরীরে ২০১০ সালে বড় ধরনের ফোঁড়া হয়। এরপর বিভিন্ন সময়ে চিকিত্সা দেওয়া হলেও বয়সের কারণে রোগ ভালো হচ্ছে না। তারপরও চেষ্টা চলছে। বয়স কম হলে এটিকে অচেতন করে অস্ত্রোপচার করা যেত। কিন্তু বয়স বেশি হওয়ায় তা করা যাচ্ছে না। এখন এটি যত দিন বাঁচে। তবে বর্তমানে অবস্থার উন্নতি হচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, পর্যাপ্ত খাবারের অভাব, নিঃসঙ্গতা ও বয়সের কারণে সিংহটির শরীরে চর্মরোগ ও ক্ষতের সৃষ্টি হয়েছে। একসময় এটির গর্জন শোনা গেলেও এখন আর শোনা যায় না।
কুমিল্লা জেলা পরিষদের নিম্নমান সহকারী কিশোর কুমার দেব রায় জানান, ২০০৪ সালের ১৩ জুন চট্টগ্রামের ফয়’স লেকের চিড়িয়াখানা থেকে সিংহটি কুমিল্লা চিড়িয়াখানায় আনা হয়। সেই থেকে চিড়িয়াখানার উত্তর-পূর্ব কোণের একটি খাঁচায় এটিকে রাখা হয়। ১২ বছর ধরে ওই একই খাঁচায় রয়েছে সিংহটি।
এ নিয়ে গত ২০ জুলাই প্রথম আলোর শেষ পাতায় ‘কুমিল্লা চিড়িয়াখানার যুবরাজ অসুস্থ’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।