বার্ধক্যের কারণে নানা ধরনের রোগে আক্রান্ত কুমিল্লা চিড়িয়াখানার ‘যুবরাজ’ নামের একমাত্র সিংহটিকে আর প্রদর্শন করা হবে না। কাল শনিবার সিংহের খাঁচাটি চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। এতে কুমিল্লার বিনোদনপ্রেমী দর্শনার্থীরা সিংহ দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।
কুমিল্লা জেলা পরিষদের নিম্নমান সহকারী কিশোর কুমার দেবরায় জানান, ২০০৪ সালের ১৩ জুন চট্টগ্রামের ফয়’স লেকের চিড়িয়াখানা থেকে সিংহটি কুমিল্লা চিড়িয়াখানায় আনা হয়। এরপর থেকে কুমিল্লা চিড়িয়াখানার উত্তর-পূর্ব কোণের একটি খাঁচায় সেটিকে রাখা হয়। কুমিল্লা চিড়িয়াখানায় স্থানান্তরের পর প্রতিদিন শত শত লোক সেটি দেখতে আসেন। আনার পরপর সিংহটির গর্জনে আশপাশের এলাকার লোকজন রাতের বেলায় ঘুমাতে পারতেন না। দিনে দিনে বয়সের ভারে নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হয়ে সেটি প্রায় নিস্তেজ হয়ে পড়েছে।

সম্প্রতি একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে যুবরাজের কাহিল অবস্থা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার বিকেলে কেন্দ্রীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি চিকিত্সক মাকসুদুল হাসান ও জাতীয় চিড়িয়াখানার চিকিত্সক নাজমুল হুদা কুমিল্লায় আসেন। এরপর তাঁরা সিংহটির বর্তমান অবস্থা দেখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল মান্নান।
ভেটেরিনারি চিকিত্সক মাকসুদুল হাসান বলেন, সিংহটি এখন আর প্রদর্শনযোগ্য নয়। এর হাড় ক্ষয় হয়ে গেছে, পেশি সংকুচিত হয়ে পড়েছে এবং স্নায়ুতন্ত্রও দুর্বল হয়ে গেছে। মেরুদণ্ড দুর্বল হওয়ায় সেটি দাঁড়াতে পারছে না। এর চিকিত্সা চলবে।
সঞ্জয় কুমার ভৌমিক বলেন, কুমিল্লা চিড়িয়াখানার সিংহের বয়স প্রায় ১৭ বছর। একটি সিংহ ১৫ বছর পর্যন্ত বাঁচে। এই সিংহটির শরীরে ২০১০ সালে বড় ধরনের ফোড়া হয়। এরপর বিভিন্ন সময়ে একে চিকিত্সা দিয়ে সুস্থ করা হয়। সিংহটির বয়স কম হলে অজ্ঞান করে অস্ত্রোপচার করা যেত। কিন্তু বয়স বেশি হওয়ার কারণে অস্ত্রোপচার করা যাবে না। তিনি আরও বলেন, এখন চিকিত্সা দিয়ে সিংহটিকে যতটুকু বাঁচানো যায়, সে চেষ্টাই করা হচ্ছে।