‘যুবলীগ করি বলে আমরা ইয়াবা ব্যবসায়ী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং যুবলীগ করি বলে আমাদের ইয়াবা ব্যবসায়ীর তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আসল ইয়াবা ব্যবসায়ীদের রাখা হয়েছে ধরাছোঁয়ার বাইরে। এ কথা জনগণকে জানাতে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছি।’গতকাল সোমবার বেলা ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা তুলে ধরেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক। একই অভিযোগ করেন উপজেলা যুগলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন।এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।লিখিত বক্তব্যে যুবলীগের নেতা নূর হোসেন বলেন, ‘বিএনপি-জামায়াত চক্রের সহযোগিতায় প্রশাসনের কতিপয় কর্মকর্তা দুই বছর আগে ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় তাঁদের দুজনের নাম ঢুকিয়ে দেন। এ ঘটনা জানার পর কেন্দ্র থেকে তদন্ত করার উদ্যোগ নেয়। কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।’ জেলা যুবলীগের সভাপতি খুরশেদ আলম বলেন, গত কয়েক মাস অনুসন্ধান করে যুবলীগের এই দুই নেতার বিরুদ্ধে ইয়াবা পাচারের কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাই দলের ভাবমূর্তি রক্ষা এবং জনগণকে অবগত করার জন্য এই সংবাদ সম্মেলন।জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘টেকনাফে কারা ইয়াবা পাচার করে, তা সবাই জানে। আমরা প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের তালিকা চাই।’