‘যে কিনতে আসে, তার কাছেই এসিড বেচি’
ময়মনসিংহ জেলায় চার ব্যবসায়ীর এসিড বিক্রির অনুমতি (লাইসেন্স) রয়েছে। আর ব্যবহারের অনুমতি আছে আরও ১৬টি। দু-একটি বাদে এসব অনুমতি বেশির ভাগই ভালুকা উপজেলায় স্থাপিত ডায়িং কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নামে। আর জেলার ১২টি উপজেলায় গড়ে ওঠা হাজারেরও বেশি স্বর্ণালংকার ও ব্যাটারির দোকানে অবাধে এসিড বিক্রি ও ব্যবহার করা হচ্ছে।এতে সহজেই এসিড সংগ্রহ করে অপরাধীরা একদিকে যেমন অপরাধ করার সুযোগ পাচ্ছে, তেমনি সরকারও লাইসেন্স খাত থেকে বিপুল রাজস্ব হারাচ্ছে। এদিকে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের যে জেলা কমিটি রয়েছে, তার কার্যক্রম কোনো রকমে চলছে। কর্তৃপক্ষ নিয়মিত সভা হওয়ার কথা দাবি করলেও সব সদস্য নিয়মিত হাজির না হওয়ায় দায়সারাভাবে শেষ হচ্ছে সভার কাজ।ময়মনসিংহ শহরের বড় বাজারের অনুমতিপ্রাপ্ত এসিড ব্যবসায়ী লিপি কেমিক্যালসের কর্মচারী সুমন মিয়া বলেন, ‘যে কিনতে আসে, তার কাছেই এসিড বেচি। হেরা নিয়া কী করে, তা বলতে পারুম না।’ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ১৮ সদস্যবিশিষ্ট জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের একটি কমিটি রয়েছে। এর সভাপতি জেলা প্রশাসক, সদস্যসচিব সহকারী পুলিশ সুপার (সদর) এবং উপদেষ্টা একজন সাংসদ। ময়মনসিংহে এ কমিটি গঠিত হয়েছে গত বছরের নভেম্বরে।জেলা পুলিশ সুপারের অপরাধ শাখা সূত্রে জানা যায়, বর্তমানে গৌরীপুর, নান্দাইল, ধোবাউড়া ও ঈশ্বরগঞ্জ উপজেলায় সংগঠিত চারটি এসিড অপরাধের মামলা চলমান রয়েছে। আর দুটি মামলার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য জানান, জেলায় যেহেতু এসিড সন্ত্রাসের ঘটনা কম। তাই অনেকটা দায়সারাভাবে সভা হয়। অনেক সদস্যই উপস্থিত থাকেন না।জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন প্রথম আলোকে বলেন, ‘আমি যে ওই কমিটির সদস্য তা আপনার কাছে জানলাম। সভায় যাব কী করে?’শহরের জুবলীঘাটের টাটা ব্যাটারি অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্মচারী মাসুম মিয়া বলেন, ‘আমরা ব্যাটারি বেচি। যখন বেচি তখন এসিড কিনে এনে ব্যবহার করি। এতে লাইসেন্স লাগে কি না, তা আমার জানা নাই।’ রামবাবু রোডের বেঙ্গল জুয়েলার্সের ব্যবস্থাপক ওয়াহেদুজ্জামান বলেন, ‘স্বর্ণালংকার তৈরি ও পাকা রং করতে এসিড ব্যবহার করতে হয়। আমার লাইসেন্স নেই, এটি কারিগরদের ব্যাপার।’জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল, ময়মনসিংহ শাখার সদস্য সচিব সহকারী পুলিশ সুপার (সদর) মিজানুর রহমান জানান, কমিটির সর্বশেষ সভা হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। বেশির ভাগ সদস্য উপস্থিত থাকলেও উপদেষ্টা ফুলপুরের সাংসদ হায়াতুর রহমান খান ব্যস্ত থাকায় সভায় আসতে পারেননি। তিনি আরও জানান, অবৈধভাবে যারা এসিড ব্যবহার ও ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা নেবে। এসিডদগ্ধদের আর্থিক সহায়তা দিতে এক লাখ টাকা বরাদ্দ মেলে। সে টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। বর্তমানে পাঁচ হাজার টাকা তহবিলে রয়েছে।