‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—এ স্লোগানে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগে গতকাল বৃহস্পতিবার মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা দুইটায় মীরবাগ হাইস্কুল মাঠে স্থানীয় মর্জিনা মেমোরিয়াল স্কুল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সাংসদ টিপু মুনশি।
এতে সভাপতিত্ব করেন কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, কাউনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তুহিন, রংপুর মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার জামালউদ্দিন মিন্টু প্রমুখ।