'যে যা দেয়, তাই নিই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বৃক্ষমেলায় ঝুড়িতে গাছ টানার কাজ করে এই শিশুরা। ছবি: মানসুরা হোসাইন
জাতীয় বৃক্ষমেলায় ঝুড়িতে গাছ টানার কাজ করে এই শিশুরা। ছবি: মানসুরা হোসাইন

আট বা নয় বছর বয়সী রিফাত। হাড্ডিসার শরীর। বলল, ‘ঝুড়িত যত্তুরি (যতগুলো) আটে তুইল্যা দেয়। তারপর যে যা দেয় তাই নিই। কেউ দেয় ৩০ টাকা, আবার কেউ দেয় ৫০ টাকা।’

রিফাত রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তর আয়োজিত জাতীয় বৃক্ষমেলায় ঝুড়িতে গাছ টানার কাজ করে। যারা গাছ কিনতে আসেন, তাঁরা কেউ গাছের চারা কেনেন ২০টি, আবার কেউ কেনেন এর কম। এরপর তা নিজেরা বহন না করে রিফাত বা তার মতো এখানে কাজ করা শিশুদের মাথায় ঝুড়িতে তুলে দেন। শিশুরা মেলা প্রাঙ্গণ পার হয়ে তা গাড়িতে তুলে দেয়। এরপর গাছের ক্রেতা যা দেন তা নিয়েই খুশি থাকতে হয় রিফাত ও অন্য শিশুদের। এই শিশুদের বয়স সাত বছর থেকে শুরু করে ১৩-১৪ বছর হবে। মেলা শুরু হয়েছে গত ৪ জুন। সময় বাড়ানো হয়েছে। কবে নাগাদ মেলা শেষ হবে মেলা কর্তৃপক্ষ এখন পর্যন্ত তা জানায়নি। ৩০ জুলাই পর্যন্ত চলতে পারে মেলা।
আজ বুধবার দুপুরের দিকে কথা হয় রিফাত ও অন্য শিশুদের সঙ্গে। দুপুর বেলা এবং ঝিরঝির বৃষ্টি থাকায় এদের বেশির ভাগেরই বেলা দেড়টা পর্যন্ত আয়রোজগার তেমন একটা হয়নি বলে জানাল। মেলায় ক্রেতা ঢুকলেই তাঁর পিছু নেয় এই শিশুরা। তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কার আগে ক্রেতার মন জয় করতে পারে তা নিয়ে। বলতে থাকে, ‘আপু গাছ কিনলে কিন্তু আমারে দিবেন। মেলায় বেচাকেনা কম থাকায় এই শিশুরাও হতাশ।
ইলিয়াস ও তার ভাই রানাও মেলায় কাজ করে। সবার সামনে রানা কিছুটা ‘হিরো’ বনে গেছে। কারণ, একজন ক্রেতা গাছ নিয়ে দেওয়ার পর খুশি হয়ে রানাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন। বেশ গর্ব নিয়েই এ কথা জানাল ইলিয়াস। ইলিয়াস ও রানার বাবা মারা গেছেন, মা বিভিন্ন বাসায় ছোটা বুয়া বা গৃহকর্মীর কাজ করেন।
আট বছর বয়সী লোকমান দুপুর পর্যন্ত কত টাকা পেয়েছে জানতে চাইলে বলে, ‘আইজক্যা এক টিহাও (টাকা) পাই নাই। সকাল ১০টার সময় আইছি, রাইতে বাড়ি যামু।’
১০ বছর বয়সী রাব্বি জানাল, এখান থেকে যে টাকা পায়, তা সে তার মায়ের হাতে তুলে দেয়। নিজের জন্য রাখে ৫০ টাকার মতো। তা নিয়ে নাশতা ও দুপুরের খাবার খায়। রোজগার ভালো থাকলে দুপুরে মাছ বা মাংস দিয়ে ভাত খায়। তা না হলে মেলার ফটকের সামনের ছোলা-মুড়িই ভরসা। রাব্বি অন্য সময় রাস্তায় সিগন্যালে ফুল বিক্রি করে।
সোহাগ জানাল, সে একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। তারা চার ভাই। বাবা গাড়ি চালান। মেলায় কাজ করার জন্য এখন তার স্কুলে যাওয়া কিছুটা অনিয়মিত হয়ে পড়েছে। মেলার শুরু থেকেই কাজ করছে, এ পর্যন্ত আয় করেছে সাত হাজার টাকা।
আবুল বাশার, সোহেলসহ এই শিশুদের প্রায় সবারই পড়াশোনা বন্ধ হয়ে গেছে। কেউ কেউ শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুরে যে বস্তিতে থাকে, তার আশপাশে কোনো কোনো স্কুলে যায়, তবে তা-ও অনিয়মিত।

গাছের চারা বহন করছে একটি শিশু। ছবি: মানসুরা হোসাইন
গাছের চারা বহন করছে একটি শিশু। ছবি: মানসুরা হোসাইন

বেলা পৌনে তিনটার দিকে মেলা থেকে বের হওয়ার সময় দেখা গেল, এক শিশুকে ধরে নার্সারির এক কর্মচারী মারধর করছেন। তার অপরাধ, সে খারাপ গালি দিয়েছে। পেছন পেছন ঘুরঘুর করে কাজ চায় বলে অনেক ক্রেতাও খারাপ ব্যবহার করেন এই শিশুদের সঙ্গে। একজন ক্রেতা গাছ কিনে এক শিশুর মাথার ঝুড়িতে জমা করছেন আর ওই শিশু ক্রেতার পেছন পেছন মাথা বাঁকা করে ঘুরছে। সব কেনা শেষ হলেই মিলবে তার মুক্তি। এই ক্রেতা জানালেন, এ কাজের জন্য শিশুটিকে কত টাকা দেবেন তা ঠিক করেননি।
মেলায় মানুষের পিছু ঘুরতে ঘুরতে কয়েকজনের ছোট শরীর ক্লান্ত হয়ে গেছে। নিজের ঝুড়িকেই আসন বানিয়ে তার ওপর বসে রয়েছে। তবে নতুন ক্রেতা দেখামাত্রই তাদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসে। একজন বলল, ‘দেহি গিয়া কোনো খেপ পাই কি না।’
বন বিভাগের ফরেস্টার ও বৃক্ষমেলায় কন্ট্রোল অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী সরদার মো. আবু জাফর জানালেন, এই শিশুদের কাজের সঙ্গে মেলা আয়োজনকারী বা নার্সারি মালিকদের কোনো সম্পর্ক নেই। ক্রেতারা নিজেদের সুবিধার জন্য এই শিশুদের কাজে লাগান।