'যেই লাউ সেই কদু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার, বেলা একটা। সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকা। রিকশাচালক ও এক যাত্রীর মধ্যে বচসা চলছে। রিকশাচালক বলেই চলছেন, ‘বেতন বাড়ছে, পাঁচ টাকা বেশি দিলে কি এমুন হয়?’ এ কথা শুনে যাত্রী তেড়ে এসে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘বেতন সবার বাড়ছেনি মিয়া? অছিলা পাইলেই ভাড়া বেশি নেওয়ার চেষ্টা চালাও।’
মন্ত্রিসভায় নতুন বেতন স্কেল অনুমোদন হওয়ার পরদিন গতকাল ঘর থেকে বেরোনোর পর অনেক বাসিন্দাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেতন স্কেল অনুমোদন হওয়ার পরদিনই এর প্রভাব পড়তে শুরু করেছে নগরের কাঁচাবাজার, মাছের বাজারসহ নিত্যপ্রয়োজনীয় হাটবাজারে। গতকালই কিছু সবজি ও মাছের দাম বেড়েছে।
গতকাল দুপুরে বেতন স্কেল বৃদ্ধি নিয়ে কথা হয় নগরের বিভিন্ন শ্রেণি-পেশার ২১ জন নাগরিকের সঙ্গে। দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় ২১ লাখ চাকরিজীবীর বেতন বাড়ার বিষয়টিকে যুগান্তকারী ঘটনা হিসেবে অভিহিত করে প্রত্যেকেই বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা অভিন্ন সুরে বলেছেন, চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ইতিবাচক। কিন্তু বেতন বাড়লেও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় জীবনযাপনে ঘুরেফিরে একই অবস্থা থাকবে বলে তাঁরা আশঙ্কা করছেন।
খাদ্য অধিদপ্তর সিলেটের পরিদর্শক পল্লব হোম দাস বলেন, বেতন বৃদ্ধির মধ্যে একটা শুভংকরের ফাঁকি রয়ে গেছে। এখানে মূল বেতনের শতভাগ বেড়েছে। অন্যদিকে টাইম স্কেল, বাড়িভাড়াসহ আনুষঙ্গিক সুবিধা বাড়েনি। অথচ বেতন বৃদ্ধির প্রভাব বাজারে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। তিনি আরও বলেন, ‘ঘুইরা-ফেইরা যেই লাউ সেই কদু।’
লালবাজার এলাকার মাছ ব্যবসায়ী ইসমাইল মিয়া বলেন, ‘বেতন বাড়ছে। তাই পাইকারি বাজারেও মাছের দাম কিছুটা বাড়ছে। খুচরা বাজারেও আমাদের দাম বাড়াতে হচ্ছে।’ ব্রহ্মময়ী বাজার এলাকার সবজি ব্যবসায়ী হারুন আলী বলেন, ‘এখনো সেইভাবে দাম বাড়েনি। কিন্তু বেতন বাড়ার প্রভাব তো একটু হইলেও বাজারে পড়ব।’
সিলেট নগরের বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপ্রা রানী নাথ বলেন, ‘অনেক দিন ধরেই বেতন বাড়ানোর বিষয়টি ঝুলে ছিল। অবশেষে সেটি বাস্তবায়িত হলো। তবে জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকলে মোটামুটি আরামদায়ক জীবনযাপন করা সম্ভব হবে।’
একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা খায়রুল কবীর বলেন, ‘২১ লাখ চাকরিজীবীর বেতন বেড়েছে। কিন্তু আমরা যাঁরা বেসরকারি চাকরিজীবী রয়েছি, তাঁদের বেতন না বাড়ায় সমাজে একটি শ্রেণিবৈষম্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।’