'যেকোনো মূল্যে জঙ্গিবাদ রুখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির র‍্যালি l ছবি: প্রথম আলো
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির র‍্যালি l ছবি: প্রথম আলো

জঙ্গিবাদ ধর্ম ও মানবতার শত্রু। যেকোনো মূল্যে এই জঙ্গিবাদ রুখতে হবে। নইলে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই হুমকির মুখে পড়বে। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এ দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরে পৃথক তিনটি জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র, নিউমার্কেট মোড় এলাকায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি সিটি কলেজ ইউনিট ও আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালনকারীদের দেশ। এ দেশকে কখনো সন্ত্রাসী জঙ্গিবাদের আস্তানা হতে দেওয়া যাবে না। ধর্মের দোহাই দিয়ে যারা জঙ্গিবাদকে উসকে দিচ্ছে এবং মানুষ হত্যার রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান সাদেক মোহাম্মদ চৌধুরী। সঞ্চালনা করেন কেন্দ্রের ভারপ্রাপ্ত সম্মানীয় সম্পাদক এস এম শহীদুল আলম। এতে অন্যান্যের মধ্যে কেন্দ্রের ভাইস চেয়ারম্যান এম এ রশীদ, উদয় শেখর দত্ত, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মোহাম্মদ হারুন, আইইবির সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. জহুরুল হক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সজল বিশ্বাস, আইইবির কাউন্সিল সদস্য প্রবীর কুমার দে, দেওয়ান সামিনা বানু, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামল আচার্য ও ইয়াং ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি রাজীব বড়ুয়া বক্তব্য দেন।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি সিটি কলেজ ইউনিট আয়োজিত মানববন্ধনে অংশ নেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংসদ ও কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে ইউনিটের সভাপতি ঝরনা খানম বলেন, জঙ্গিবাদ প্রতিহত করতে সমাজের সচেতন সবাইকে যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে। প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের ঐক্যবদ্ধ হতে হবে।
ইউনিটের সহসভাপতি মো. হযরত আলী বলেন, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখতে হবে। জঙ্গিবাদমুক্ত করতে হবে বাংলাদেশকে।
সিটি কলেজের অধ্যাপক আবদুল আলীমের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে ইউনিটের সাধারণ সম্পাদক আহম্মদ ছোবহান, শিক্ষক পরিষদের সম্পাদক রেজাউল করিম, কলেজের অধ্যাপক মো. জাহেদুল হক, আজম মুহাম্মদ আনোয়ার সাদাত ও ছাত্র সংসদের সহসভাপতি আবু তাহের বক্তব্য দেন।
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের উদ্যোগে কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া বলেন, পবিত্র ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা মানবতাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, তারা মানবতার শত্রু। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মানববন্ধনে কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ আলম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আবদুল মুবিন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা বের করেন।