‘যেকোনো স্থানে আলোচনায় প্রস্তুত বিএনপি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে যেকোনো অবস্থায় যেকোনো স্থানে সরকারের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। একই সঙ্গে তিনি সংসদের চলতি অধিবেশনে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়ে বিল উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক এই আহ্বান জানান। তিনি বলেন, ‘যেখানে যে অবস্থায় হোক, আমরা আলোচনায় প্রস্তুত। এ সংসদেই বিল উত্থাপন করুন।’গত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলকে হীরার খণ্ড আখ্যা দিয়ে যে মন্তব্য করেছেন, তার সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘গত সাড়ে তিন বছরে আওয়ামী লীগ দুর্নীতির খণ্ডে পরিণত হয়েছে।’ ‘গুম-খুন, হামলা-মামলা, দুর্নীতি ও রাজনৈতিক অনিশ্চয়তা, দেশে গণতন্ত্র ও উন্নয়নের অন্তরায়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সাংবিধানিক অধিকার ফোরাম নামের একটি সংগঠন।