'যেখানেই মাদকদ্রব্য সেখানেই প্রতিরোধ'
মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুর নগরের ৩৩টি ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকাণ্ড জোরদার করা হয়েছে। কমিটি ‘যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে।
কমিউনিটি পুলিশিং কমিটি সূত্রে জানা গেছে, নগরের ৩৩টি ওয়ার্ডে বেসরকারি উদ্যোগে এ কিমটি কাজ করে যাচ্ছে। এ কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন এলাকার সুধীজন। সংগঠনটি ২০০৭ সাল থেকে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এতে নগরের যুবসমাজের মধ্যে কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে। এ কমিটির উদ্যোগে প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক সভা করা হচ্ছে।
রংপুরের একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বলেন, ‘আমরা রংপুরে দীর্ঘদিন থেকে মাদকবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। বিভিন্ন মহল্লায় নানা শ্রেণিপেশার লোকজন এ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এতে সাফল্য এসেছে।’
সাতগাড়া মিস্ত্রিপাড়ার সমাজসেবক সিরাজুল ইসলাম বলেন, মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সংগঠিত হয়ে দাঁড়াতে হবে।
কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসচিব সুশান্ত ভৌমিক বলেন, ‘এ কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন পাড়া-মহল্লায় সভা করেছি। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। এতে কিছুটা সাফল্য এসেছে বলেও মনে করি। তবে এ ব্যাপারে পুলিশের সহযোগিতা পেলে আরও অনেক ভালো কাজ করা যাবে।’
পুলিশের কর্মকর্তা সূত্র জানায়, রংপুর নগরের আলমনগর, রেলওয়ে স্টেশন, সাতমাথা, বাবুপাড়া, তাজহাট, কলেজপাড়া এলাকায় বেশ কিছু বস্তিবাসী মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। এ ছাড়া জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া, হারাগাছসহ বিভিন্ন স্থান দিয়ে ফেনসিডিল, হেরোইনসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য আসছে। মাঝেমধ্যে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে অনেককে গ্রেপ্তারও করা হয়। কিন্তু কারাগার থেকে জামিনে বের হয়েই তাঁরা আবার এ ব্যবসায় জড়িয়ে পড়েন।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক জানান, মাদক কেনাবেচার মূল ঘাঁটি চিহ্নিত করে পুলিশের গোপন তথ্যদাতা বাড়ানো হয়েছে। ফলে মাদকদ্রব্য কেনাবেচা অনেকটা কমে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনুকূলে রয়েছে। মাদকবিরোধী অভিযানে প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কমিটির কাজ অব্যাহত রয়েছে।