'যেটা হয়েছে তা আমি থাকলেও হতো না থাকলেও হতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিবউদ্দীন আহমদ
কাজী রকিবউদ্দীন আহমদ

‘যেটা হয়েছে সেটা আমি থাকলেও হতো, না থাকলেও হতো।’
উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
যুক্তরাষ্ট্রে দেড় মাস ছুটি কাটিয়ে এসে গতকাল বুধবার বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি।
সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সিদ্ধান্ত একবারেই হয়েছিল। এরপর গতানুগতিক নিয়মে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনের দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী ছিল। এর বাইরে সেনাবাহিনী ছিল এবং তাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বলেন, ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরও সিইসির অনুপস্থিতিতে নতুন কিছু করার ছিল না কমিশনের।
কাজী রকিবউদ্দীন আরও বলেন, নির্বাচনে যে সহিংসতা ও ভোট জালিয়াতি হয়েছে, তার দায়ভার নির্বাচন কমিশন নেবে না। সামনের উপজেলা নির্বাচনেও যদি কোনো সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনা ঘটে, তার দায়ভারও কমিশন নেবে না। তিনি বলেন, ‘আমরা তো সব ব্যবস্থা নিয়েছি। কেউ যদি কারও মাথায় লাঠি মারে, সেটা তো আগে থেকে কিছু বলা যাবে না। এর প্রতিকার হলো দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।’
সিইসির অনুপস্থিতিতে উপজেলার তৃতীয় ধাপ থেকে ভোট জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটতে থাকে। তাই নির্বাচন চলাকালে সিইসির ছুটি জরুরি ছিল কি না—জানতে চাইলে সিইসি বলেন, ‘নির্বাচন তো সারা বছর ধরেই চলে। সেটা হিসাব করলে তো ছুটিই নেওয়া হবে না।’ সিইসি দাবি করেন, যুক্তরাষ্ট্রে থাকলেও কমিশনের সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ ছিল। নির্বাচন সুষ্ঠু করার জন্য আইজিপির (পুলিশের মহাপরিদর্শক), সশস্ত্র বাহিনীর পিএসও (প্রিন্সিপাল স্টাফ অফিসার) ও র্যাবের ডিজির (মহাপরিচালক) সঙ্গে কথা তিনি বলেছেন।
সিইসি ক্লান্ত, তাই বিশ্রামে গিয়েছেন—প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের এ বক্তব্য সম্পর্কে সিইসি বলেন, ‘উনি কী বলেছেন, সেটা আমি জানি না। আমার ছুটি আমিই নিয়েছি। আমাকে কেউ ছুটি দেয়নি।’
নির্বাচনের সময়ে ছুটি নেওয়ায় রাজনৈতিক দলগুলোও সিইসির সমালোচনা করেছে। এ প্রসঙ্গে কাজী রকিবউদ্দীন বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে আদর করবে না। লেজে পা পড়লে তো সমালোচনা করবেই।
নব্বইয়ের পর দেশের কোনো নির্বাচনে এমন সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনা ঘটেনি। আগের রাতে ব্যালটে সিল দিয়ে বাক্সে ভরা হয়েছে। এর মাধ্যমে দেশের নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ভোট জালিয়াতি ও সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা। এ জন্য তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে।
সিইসি বলেন, ‘ভোট জালিয়াতি ও সহিংসতার আলামত আমরা সিটি করপোরেশন নির্বাচনে পেয়েছিলাম। সংসদ নির্বাচনে এ প্রবণতা কিছুটা বেড়েছিল। তার ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনে সহিংসতা বেশি হয়েছে।’ তিনি বলেন, দুষ্কৃতিকারীদের শাস্তি দিলে সহিংসতা কমবে। নির্বাচনের ফল মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে উঠবে।
সিইসি বলেন, নির্বাচন শেষে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আইনের ফাঁকফোকর বন্ধ করবে, যাতে ভবিষ্যতে আর কোনো সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনা না ঘটে।