'যৌথ অভিযান দায়মুক্তি আইন' অসাংবিধানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যৌথ অভিযান দায়মুক্তি আইন ২০০৩’ কে অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আজ রোববার এ রায় দেন।

২০০২ সালের অক্টোবর থেকে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত অপারেশন ক্লিনহার্ট নামে যৌথ অভিযান চলে। এতে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেন। ওই সময় যৌথ বাহিনীর হেফাজতে অনেকের মৃত্যু, সম্পদের ক্ষয়ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। পরে ওই অভিযানকে দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন করে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার।
আজকের রায়ে আদালত বলেছেন, ওই অভিযানের (অপারেশন ক্লিনহার্ট) সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাঁদের পরিবার ফৌজদারি ও দেওয়ানি মামলা করতে পারবেন। ক্ষতিপূরণ চেয়েও মামলা করতে পারবেন।

বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর যৌথ বাহিনীর ওই অভিযান চলে। ওই অভিযানের কার্যক্রমকে দায়মুক্তি দিয়ে ২০০৩ সালে এই আইনটি করা হয়।

ওই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না ২০১২ সালে জনস্বার্থে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ২৯ জুলাই হাইকোর্ট রুল দেন। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও প্রতিরক্ষা সচিবসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।

এ রুলের ওপর শুনানি শেষে আজ ১৩ সেপ্টেম্বর রুল নিষ্পত্তির দিন ধার্য করা হয়।