'যোগ্য হলেও পুলিশে চাকরিতে টাকা দিতে হয় কেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রশাসনের লোকজন পাবলিক প্লেসে (জনসমাগমের স্থান) ধূমপান করলে শাস্তি হয় না কেন? ভুয়া সনদে ১৮ বছর দেখিয়ে বাল্যবিবাহ বন্ধে কী পদক্ষেপ নিয়েছেন? যোগ্য হলেও পুলিশে চাকরিতে টাকা দিতে হয় কেন? সমাজ থেকে মাদক নির্মূল করা যাচ্ছে না কেন? মাদকসহ গ্রেপ্তারের কিছুদিন পরই আসামিরা ছাড়া পায় কীভাবে? কীভাবে আমরা জঙ্গি চিনতে পারব?’
এমন ঝাঁজাল সব প্রশ্ন ছুড়ে দিল শিক্ষার্থীরা। প্রশ্নগুলোর জবাব দিলের স্বয়ং জেলা পুলিশ সুপার। উপলক্ষটা ছিল যৌন হয়রানি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা। রাজবাড়ী শহরের ডা. আবুল হোসেন কলেজে গতকাল সোমবার বেলা ১১টায় এ সভার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার সালমা বেগম বলেন, ‘প্রশাসনের কেউ জনসমাগমস্থলে ধূমপান করলে তোমরা বোঝাবে। যদি তাঁরা অশোভন আচরণ করেন, তাহলে আমাকে জানাবে।’ একইভাবে অন্য প্রশ্নগুলোর উত্তর দেন তিনি।
কলেজের মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম। সহযোগী অধ্যাপক শামীমা আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া, কলেজের উপাধ্যক্ষ খোন্দকার ফারুক আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক চৌধুরী আহসানুল করিম প্রমুখ।
পরে কলেজের শিক্ষার্থীদের মাদক, যৌন হয়রানি ও জঙ্গিবাদবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে পুলিশ সুপার সালমা বেগম বলেন, ‘আমাদের দেশে অধিকাংশই তরুণ। তরুণেরা চাইলে জঙ্গিমুক্ত, মাদকমুক্ত, ইভ টিজিং ও বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’