‘যৌতুক না আনায়’ অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যৌতুক না আনায়’ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় গত বুধবার রাতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন। গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২১)। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। সেলিমের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলাটি করেছেন ফাতেমার বড় ভাই ওমর ফারুক।পুলিশ ও নিহতের পারিবার জানায়, ২০১১ সালের ২০ ডিসেম্বর মনোহরগঞ্জের সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের শামছুল হকের ছেলে সেলিমের সঙ্গে বিয়ে হয় নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব কালারাইতা গ্রামের আবদুল হালিমের মেয়ে ফাতেমার। মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেম করে এই বিয়ে হলেও সেলিম ছিল ভবঘুরে। তাই অভাবের সংসারে দাম্পত্য কলহ শুরু হয়। বিয়ের পর তাঁরা লাকসামে একটি বাসা ভাড়া করে থাকলেও মাস পাঁচ-ছয় আগে তাঁরা ভাউপুরে গ্রামের বাড়িতে চলে আসেন।মামলার বাদী ওমর ফারুক বলেন, সেলিম প্রায়ই ফাতেমাকে বাবার বাড়ি থেকে যৌতুক আনতে চাপ দিতেন। কিন্তু রিকশাচালক বাবা হালিমের সেই সামর্থ্য নেই বলে ফাতেমা তাতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বিভিন্ন সময়ে সেলিম তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি আবার যৌতুক আনতে ফাতেমাকে চাপ দেন। একপর্যায়ে সেলিম ফাতেমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটালে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।