'যৌতুক না পেয়ে' কুপিয়ে জখম
নেত্রকোনার কেন্দুয়ায় গত শুক্রবার ডালিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন। যৌতুক না পেয়ে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে গিয়ে গতকাল রোববার দেখা যায়, ডালিয়ার নাক-মুখ, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাক ও মুখে ব্যান্ডেজ করা হয়েছে। এ সময় ডালিয়া কাঁদতে কাঁদতে বলেন, ‘সারা শরীরে বেদনা। হাত নাড়াইতে পারি না। ঠিকমতো শুইতেও পারি না। কোনো কিছু খাইতেও কষ্ট লাগে। বাবার বাড়ি থেইক্যা টেহা আইন্যা দিতে পারি নাই দেইখ্যা স্বামী আমারে ছুরি দিয়া এমনভাবে কোপাইছে। ভাশুর এমরানও আমার গলা চাইপ্যা ধরছে। আর শাশুড়িও এর লগে জড়িত। স্বামী ও ভাশুরের পা ধইরা জান ভিক্ষা চাইছি। কিন্তু তাদের মন গলে নাই। আমি তাগোর বিচার চাই।’
এলাকার অনেকে ও গৃহবধূর অভিভাবকেরা জানান, উপজেলার মোজাফফরপুর গ্রামের আবদুর রাশিদের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রায় চার বছর আগে একই উপজেলা বাট্টা গ্রামের জাহের উদ্দিনের মেয়ে ডালিয়ার বিয়ে হয়। বিয়ের সময় বরকে নগদ ৪০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাব দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে আরও টাকার জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ডালিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
এরপর জাহাঙ্গীরকে আরও কিছু নগদ টাকা, একটি ষাঁড় ও একটি টমটম কিনে দেওয়া হয়। কয়েক মাস আগে জাহাঙ্গীর ডালিয়াকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান। সেখানে তিনি রিকশা চালাতেন। সেখানেও ডালিয়াকে মারধর করা হতো। গত শুক্রবার জাহাঙ্গীর ডালিয়াকে নিয়ে বাড়ি এসে আবারও টাকা এনে দিতে চাপ দেন। টাকা আনতে না পারায় ওই দিন রাতে জাহাঙ্গীরসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন চালান। জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে ডালিয়াকে কুপিয়ে জখম করেন। এ সময় ডালিয়া ও তাঁর দুই সন্তান নূরে আলম (৩) ও হাফিজুরের (১) চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন। খবর পেয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকজন গত শনিবার গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইফুল ইসলাম বলেন, ‘ডালিয়ার নাক, মুখ, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারোলো অস্ত্রের আঘাত রয়েছে। জখমের জায়গায় অনেকগুলো সেলাই লেগেছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনার জন্য লিখিত অভিযোগ দিতে ডালিয়াকে পরামর্শ দেওয়া হয়েছে।