‘যৌতুকবিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুকমুক্ত সমাজ চাই’ স্লোগানে চট্টগ্রামের পটিয়ায় যৌতুকবিরোধী সমাবেশ ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের’ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রশিদ দৌলতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ ও মাহফিলে প্রধান বক্তা ছিলেন আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল কাসেম নুরী। বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সচিব কাজী মুহাম্মদ সোলায়মান চৌধুরী, আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের মহাসচিব মুহাম্মদ আবুল হোসাইন।
আল্লামা আবুল কাসেম নুরী বলেন, বাংলাদেশে যৌতুকবিরোধী আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ হচ্ছে না। যৌতুক সামাজিক ব্যাধি, এটি মানবতাবিবর্জিত কাজ। যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে যৌতুকবিহীন দুটি বিয়ের অায়োজন করা হয়।