‘যৌতুকের কারণে প্রাণ দিতে হলো শান্তাকে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন লাখ টাকা যৌতুক না দেওয়ায় স্বামী ও দেবরের হাতে প্রাণ দিতে হলো শান্তাকে। গৃহবধূ সালমা আক্তার শান্তার বাবা আবদুস সামাদ গতকাল রোববার এ কথা বলেছেন। তিনি বলেন, ‘যৌতুকের কারণে স্বামীর নির্যাতনের কথা শান্তা মাঝেমধ্যে জানালেও আমরা ওকে ধৈর্য ধরতে বলি।’গত শনিবার দুপুরে ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়ায় শ্বশুরবাড়ি থেকে পুলিশ সালমার লাশ উদ্ধার করে। সালমা ঢাকার ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।এ ঘটনায় সালমার মামা চান মিয়া বাদী হয়ে শনিবার রাতে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। সালমার স্বামী ফরিদুল ও দেবর শফিকুলকে মামলায় আসামি করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, দেড় মাস আগে আশুলিয়ার জামগড়া এলাকার আবদুল হালিম মাস্টারের ছেলে ফরিদুল আলমের সঙ্গে সালমার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা ও ১০ ভরি ওজনের স্বর্ণালংকার দেওয়া হয়। কিন্তু বিয়ের কয়েক দিন পরই বাড়ির কাজ করার জন্য ফরিদুল আরও তিন লাখ টাকা দাবি করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে সালমার ওপর নেমে আসে নির্যাতন।সালমার বাবা আবদুস সামাদ বলেন, যৌতুক না দেওয়ায় ফরিদুল সালমাকে কলেজে যেতে বাধা দিতেন। পড়াশোনা করতে বসলে হাত থেকে বই নিয়ে ছুড়ে ফেলে দিতেন। কারও সঙ্গে মুঠোফোনে কথা বলতে দিতেন না। একপর্যায়ে তাঁকে মারধর করা শুরু হয়। তিনি বলেন, ‘শান্তা এ বিষয়ে আমাদের জানালেও আমি ওকে ধৈর্য ধরতে বলি।’সালমার চাচা আবদুর রহিম অভিযোগ করেন, ফরিদুল ও তাঁর ভাই শফিকুল সালমাকে নির্যাতন করে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাঁরা সালমার লাশ ওড়না দিয়ে ঝুলিয়ে রাখেন। কিন্তু শান্তার পা খাটের সঙ্গে লেগে ছিল। তিনি বলেন, নির্যাতনে সালমার বাঁ পা ও ডান হাত ভেঙে যায়।এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন বলেন, সালমার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিরা পলাতক।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে সালমার মরদেহ গতকাল বিকেলে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। পরে জামগড়া দরগারপাড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।সালমার বাবার বাসা আশুলিয়ার জামগড়ায়। ফরিদুল সৌদি-প্রবাসী হলেও বিয়ের পর দেশেই থেকে যান। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।