'যৌন হয়রানির শিকার নারী দোষী নন'
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনে সবাই মিলে কথা বলতে হবে। যে নারী বা পুরুষ মুখ খুলেছেন, নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন, তাঁরা একা আর কত বলবেন? সংখ্যাটা গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে নিজেদের মধ্যে আলোচনা, একত্র হওয়া, অবস্থান স্পষ্ট করা ও পরস্পরের পাশে থাকাটা জরুরি।
আজ শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ওয়ান বিলিয়ন রাইজিং, বাংলাদেশ নামের একটি কর্মসূচি আয়োজনে ‘তুমি কথা বললেই সরব হবে বাংলাদেশ-হ্যাশট্যাগ মি-টু আন্দোলন: প্রেক্ষিত, প্রেক্ষাপট এবং প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সুলতানা কামাল এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের চেয়ারপারসন সুলতানা কামাল আরও বলেন, যৌন হয়রানির জন্য নারী কোনোভাবেই দায়ী বা দোষী নন, তা বুঝতে হবে। আর বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনার জন্য জায়গা তৈরি করতে হবে। নারীদের ক্লাবের সংখ্যা বাড়াতে হবে। অভিযোগ ওঠা পুরুষ তো আমার সঙ্গে এমন কোনো আচরণ করেননি, এভাবে পক্ষ বেছে না নিয়ে বিষয়টিকে নির্মোহভাবে বিবেচনা করতে হবে। আর সার্বিকভাবে যৌন হয়রানির সংজ্ঞাকে স্পষ্ট করতে হবে।
বৈঠকের আলোচকেরা প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা প্রণয়ন ও জাতীয়ভাবে এ ধরনের হয়রানির ঘটনায় ন্যায়পাল নিয়োগের সুপারিশ করেন। তাঁরা বলেন, সচেতনতা তৈরির পাশাপাশি এ আন্দোলনকে একটি কাঠামোর আওতায় আনতে হবে, বিচার চাইতে হবে। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠবে, তাঁকে সামাজিকভাবে বর্জন করে ঘৃণা প্রকাশ করতে হবে। আর এ ধরনের হয়রানির শিকার শুধু মেয়ে বা নারীরা নয়, হিজড়া এবং ছেলে বা পুরুষেরাও হচ্ছে, সে বিষয়টিও মাথায় রাখতে হবে।
বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়ান বিলিয়ন রাইজিং, বাংলাদেশের সমন্বয়কারী খুশী কবির। তিনি বলেন, এ আন্দোলনে এখন পর্যন্ত মুখ খোলা নারী ও পুরুষের সংখ্যা অনেক কম। তবে প্রায় প্রতিটি নারী পথেঘাটে, কর্মক্ষেত্রে এ ধরনের হয়রানির শিকার। এখন পর্যন্ত যাঁরা মুখ খুলেছেন, তাঁদেরই জবাবদিহি করতে হচ্ছে। ৩০ বছর আগে ঘটে যাওয়া ঘটনার কথা কেন বলছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটি আসলে মানুষের চিন্তার সমস্যা।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে ২৭ বছর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতায় নারী ও মানবাধিকারকর্মী সালমা আলী ১৯৯৯ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে যৌন হয়রানির ঘটনাগুলো তুলে ধরেন। বিভিন্ন মামলা ও হাইকোর্টের বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরে সালমা আলী বলেন, আইনের কমতি নেই, তবে সমস্যা হলো তা বাস্তবায়নে। দেশের আইনে প্রমাণের বিষয়টি জরুরি, তাই বর্তমানে মোবাইল অ্যাপ বা অন্য কোনভাবে যৌন হয়রানি করা হয়েছে, সে বিষয়ে কোনো প্রমাণ রাখা যায় কি না, তা নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের যৌন হয়রানির কথা প্রকাশ করা জাতীয় মানবাধিকার কমিশনে কর্মরত তাশনুভা আনান এবং নারী খেলোয়াড়দের নিয়ে একটি নিউজ পোর্টালের সম্পাদক এন আর মুশফিকা লাইজু বৈঠকে উপস্থিত ছিলেন।
ট্রান্সজেন্ডার বা হিজড়া তাশনুভা আনান বলেন, ‘আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি ঘটে চলতি বছরের অক্টোবর মাসে। একজন বই প্রকাশকের কাছে আমি চাকরি চাইতে গিয়ে হয়রানির শিকার হই। আমি আগে বই পড়তে ভালোবাসতাম, এখন বই খুললেই একটি চেহারা চোখের সামনে ভাসে। আমি এখন ক্লান্ত। আমি শুধু চাই, মি টু আন্দোলন যাতে ম্লান হয়ে না যায়।’
মুশফিকা লাইজু বলেন, ‘৩১ বছর আগের একটি ঘটনার কারণে আমার জীবনে ব্যর্থতা যুক্ত হয়। ১৮ বছর বয়সী এক মেয়ে তাঁর শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হন। গায়ে থাকা অনেকগুলো বোতাম লাগানো ওভারকোট আমাকে সেদিন রক্ষা করে। আমি যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছি, তিনি মারা গেছেন। মারা গেলেই কী? মৃত্যুর পরে সম্মাননা দেওয়া গেলে তিরস্কারও করা যাবে।’
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম, আলোকচিত্রী শহিদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেহনুমা আহমেদ, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সিউতি সবুর, সাংবাদিক নাসিমুন আরা হক, জেন্ডার বিশেষজ্ঞ ফওজিয়া খোন্দকার, উন্নয়নকর্মী কাশফিয়া ফিরোজ প্রমুখ আলোচনায় অংশ নেন।