'রংপুর অঞ্চলে তথ্যপ্রযুক্তি ভিলেজ গড়ে উঠতে পারে'
রংপুরে গতকাল সোমবার চেম্বার মিলনায়তনে ‘বিভাগ-পরবর্তী উন্নয়নের সম্ভাবনা, সমস্যা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় আলোচকেরা বলেছেন, এ অঞ্চলের আবহাওয়া ভালো থাকায় এখানে তথ্যপ্রযুক্তি ভিলেজ গড়ে উঠতে পারে। সেই সঙ্গে সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও দি এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন চেম্বারের সহসভাপতি মোজতোবা হোসেন, এশিয়া ফাউন্ডেশনের মাহমুদা বেগম, রংপুর উইমেন্স চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌসী, ব্যবসায়ী শাহ মো. সেলিম, ফজলুল হক, মো. জাহাঙ্গীর, জাকারিয়া পিন্টু, সাংবাদিক রফিক সরকার প্রমুখ।
আলোচকেরা বলেন, রংপুর বিভাগ ঘোষণার পর উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে নতুন ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা যেমন সৃষ্টি হয়েছে, তেমনি চলমান ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা ও মানোন্নয়নের প্রয়োজনীয়তাও পরিলক্ষিত হচ্ছে।
তাঁরা বলেন, এখানকার প্রধান সবজি হলো আলু। যে আলু সারা দেশের চাহিদা মিটিয়ে থাকে। সেই আলু সংরক্ষণের জন্য কোনো সবজি প্রক্রিয়াজাত কারখানা গড়ে ওঠেনি। এ কারখানা গড়ে তুলতে উদ্যোক্তারা এগিয়ে এলেও সরকারি উদ্যোগে তেমন পৃষ্ঠপোষকতা করা হয়নি। সবজি সংরক্ষণের জন্য এখানে কৃষিভিত্তিক কারখানা গড়ে তুলতে ব্যাংকগুলোকে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণসহায়তা করতে হবে।
আলোচকেরা আরও বলেন, এখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অনেক নারী উদ্যোক্তা তাঁদের নিজেদের উদ্যোগে এসব কাজ করে চলেছেন। তাঁদেরকে সহজ শর্তে ঋণসুবিধা দিতে ব্যাংগুলোকে এগিয়ে আসতে হবে।
কয়েকটি পাটকল প্রতিষ্ঠা হলেও যোগাযোগব্যবস্থা অনুন্নত ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এ শিল্প আলোর মুখ দেখতে না দেখতে নানামুখি সমস্যায় পড়ছে বলে উল্লেখ করা হয়।