‘রংপুর অঞ্চলের ডাকাত তথ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
লালমনিরহাট জেলা জাদুঘরের উদ্যোগে প্রকাশিত রংপুর অঞ্চলের ডাকাত তথ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় পূর্ব থানাপাড়ায় জাদুঘরের অস্থায়ী কার্যালয়ে মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই গ্রন্থে ব্রিটিশ সরকার ঘোষিত সহস্রাধিক ডাকাতের নাম, ঠিকানা ও মামলা নম্বর রয়েছে। এর সূত্র ধরে গবেষকেরা অনুসন্ধান চালালে এই অঞ্চলে ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী অনেকের সন্ধান পেতে পারেন। ব্যতিক্রমধর্মী এ গ্রন্থটি নিঃসন্দেহে রংপুর অঞ্চলের ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজনের পথ সুগম করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গবেষক নজরুল ইসলাম মণ্ডল, অধ্যক্ষ এন্তাজুর রহমান, সাংবাদিক আবদুর রব, আরশীনগর বাংলাদেশের নির্বাহী পরিচালক বাদশা আলম, ফেরদৌসী রহমান এবং নাট্যকার শৌর্য দীপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাদুঘরের সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক।