‘ঈদের আগে ঢাকা-রংপুর রুটে নতুন ট্রেন চালু হচ্ছে। আমরা দারুণ খুশি। উত্তরাঞ্চলের কিছু মানুষ অন্তত মহাসড়কের মহাদুর্ভোগ থেকে রেহাই পাব।’আজ রোববার থেকে চালু হতে যাওয়া ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের টিকিট সংগ্রহ করতে গিয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে মুঠোফোনে এই প্রতিবেদককে কথাগুলো বলছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তাকাদ্দাসাত সুজন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আন্তনগর রংপুর এক্সপ্রেস আজ সকাল পৌনে আটটায় কমলাপুর স্টেশন থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যাবে। বঙ্গবন্ধু বহুমুখী সেতু হয়ে বগুড়া, গাইবান্ধা ও কাউনিয়া জংশন হয়ে রংপুরে পৌঁছাবে সন্ধ্যা ছয়টায়। ট্রেনটি রংপুর স্টেশন থেকে একই পথে কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে রাত পৌনে আটটায়।নতুন এই ট্রেন চালুর খবরে রংপুরের সর্বস্তরের মানুষ আনন্দিত। রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, ‘রংপুর-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে আন্দোলন করেছি। রংপুর এক্সপ্রেস চালু হচ্ছে, আমরা আনন্দিত। ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কিছুটা কমবে।’রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, রংপুর বিভাগ হওয়ার পরও এখান থেকে ঢাকাগামী কোনো ট্রেন ছিল না। আন্তনগর ট্রেন চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।রেল সূত্র জানায়, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা ১১টি বগি, একটি ইঞ্জিন, শীতাতপনিয়ন্ত্রিত বগিসহ তিন শ্রেণীর প্রায় ৮০০ আসন রয়েছে ট্রেনটিতে। রংপুরের জেলা প্রশাসক বি এম এনামুল হক নতুন ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর অঞ্চলের যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার এই ট্রেন চালু করছে।মানববন্ধন: আমাদের পীরগাছা (রংপুর) প্রতিনিধি জানান, পীরগাছায় রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গতকাল পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে। পীরগাছা রেলস্টেশনের প্ল্যাটফর্মে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম সরদার প্রমুখ।