'রংপুরে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা ছিল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রভাবিত করার কোনো প্রচেষ্টা সরকারের ছিল না বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটি বলছে, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক, সরকার ও অন্যান্য সব অংশীজনের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। রংপুর সিটি করপোরেশন নির্বাচনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্য উপস্থাপন ও নির্বাচন মূল্যায়ন তুলে ধরতে সুজন এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে একজন মেয়রসহ সাধারণ আসনে ৩৩ জন কাউন্সিলর ও ১১ জন নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজন নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলা, প্রার্থীর আয়, সম্পদ, দায়দেনা–সংক্রান্ত তথ্য তুলে ধরে।

রংপুরের নির্বাচন বিষয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই নির্বাচন একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের মধ্যে যেকোনো মূল্যে বিজয়ী হওয়ার মনোভাব লক্ষ্য করা যায়নি। অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনের সঙ্গে তুলনা করলে বলা যায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচন ছিল সফল নির্বাচন।

লেখক ও গবেষক এবং সুজনের নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ বলেন, রংপুর নির্বাচনকে জাতীয় নির্বাচনের পূর্বাভাস মনে করলে ভুল হবে। এটি আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির অবস্থান তুলে ধরে না। ছোট পরিসরের এই নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা বিবেচনা করা যাবে না।

নির্বাচিত জনপ্রতিনিধিদের বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তাতে বলা হয়, ৪৫ জন নির্বাচিত প্রতিনিধির ২৮ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে। সাধারণ কাউন্সিলরদের প্রায় ৭৩ শতাংশ ব্যবসায়ী। ৩৩ জন সাধারণ কাউন্সিলরের ১৪ জনের বিরুদ্ধে বর্তমানে ফৌজদারি মামলা রয়েছে। অতীতে মামলা ছিল পাঁচজনের বিরুদ্ধে। বিশ্লেষণে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মামলা সংশ্লিষ্ট প্রার্থীদের নির্বাচিত হওয়ার হার বেশি।

৪৫ জন জনপ্রতিনিধির মধ্যে ৩২ জনের বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম। আর এই ৪৫ জনের মধ্যে ৩৭ জনের সম্পদের পরিমাণ পাঁচ লাখ টাকার কম। সুজন মনে করে, অধিকাংশ প্রার্থীর সম্পদের পরিমাণ প্রকৃত পক্ষে আরও বেশি। প্রার্থীদের অনেকই প্রতিটি সম্পদের মূল্য উল্লেখ করে না। আবার উল্লেখিত মূল্য বর্তমান বাজারমূল্যে না।

সংবাদ সম্মেলনে সুজনের সহসভাপতি বিচারপতি কাজী এবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুজনের নির্বাহী সদস্য হামিদা হোসেন, সহসম্পাদক জাকির হোসেন প্রমুখ।