‘রংপুরোত বিভাগ পায়্যা হামরা খুশি হচি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামারঘরোক আর আসশাহিত (রাজশাহী) যায়্যা হোটোলত থাকান নাগব্যার নোয়ায়। হামরা রংপুরোত যায়্যা দিনোতে ঘুরি আসপ্যার পামো। বিভাগ পায়্যা হামরা খুশি হচি।’ রংপুরকে বিভাগ ঘোষণার খবর শুনে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামের কৃষক রাজা মিয়া (৪৫)।রংপুরকে দেশের সপ্তম বিভাগ ঘোষণা করায় গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল মঙ্গলবার শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নাট্যকর্মীসহ দেড় শতাধিক ব্যক্তি অংশ নেন। শোভাযাত্রাটি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নাজমুল আরেফিন, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, মাহমুদুল হক শাহজাদা, নির্বালেন্দু বর্মণ প্রমুখ। গাইবান্ধাসহ উত্তরবঙ্গের আট জেলাকে নিয়ে রংপুর বিভাগ ঘোষণা করায় সমাবেশে বক্তারা সরকারকে অভিনন্দন জানান। পাশাপাশি রংপুরে গ্যাস সরবরাহের দাবি জানান তাঁরা। এদিকে রংপুরকে বিভাগ করায় জেলার বিভিন্ন পেশার মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। জেলা উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম সরকারকে বলেন, ‘এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো। নতুন বিভাগ হওয়ায় দারিদ্র্যপীড়িত এ অঞ্চলের মানুষ বিভিন্ন প্রশাসনিক সুবিধা যেমন পাবে, তেমনি অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়াও লাগবে বলে আমাদের বিশ্বাস।’ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সম্পাদক মিহির ঘোষ বলেন, আগে বিভাগীয় শহর রাজশাহীতে বাসযোগে যেতে সাড়ে চার ঘণ্টা সময় লাগত। এখন মাত্র দেড় ঘণ্টায় মানুষ গাইবান্ধা থেকে রংপুরে পৌঁছাতে পারবে। কাজ শেষ করে দিনেই আবার বাড়ি ফিরতে পারবে। গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, রংপুর বিভাগ বাস্তবায়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের উদ্যোগ না নিলে এলাকার সাধারণ মানুষের জীবনমানের কোনো উন্নয়ন ঘটবে না। গাইবান্ধা শহরের ব্রিজ রোডের স্কুলশিক্ষক অশোক সাহা বলেন, রংপুরে বিভাগ হওয়ায় মঙ্গাপীড়িত এ অঞ্চলের শিক্ষার মান উন্নত হবে বলে আশা করি। গাইবান্ধা সমিতির কৃতজ্ঞতারংপুর বিভাগ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকাস্থ গাইবান্ধা সমিতি। সমিতির পক্ষ থেকে সভাপতি সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুর রহমান এক বিবৃতি বলেন, এই বিভাগ বাস্তবায়ন হলে গাইবান্ধাসহ উত্তরের আট জেলার মানুষের ভোগান্তি কমবে। বিভাগের যাবতীয় কাজ সহজে সম্পন্ন করবে। তাঁরা গাইবান্ধাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।