‘রক্ত দিয়ে হলেও পতাকার মান রাখব’
‘মুক্তিযোদ্ধারা লাল-সবুজের যে পতাকা এনে দিয়েছেন, রক্ত দিয়ে হলেও পতাকার মান রাখব। এ পতাকা আর কোনো যুদ্ধাপরাধীদের হাতে উড়তে দেব না।’ গতকাল বৃহস্পতিবার পতাকা সমাবেশে কুমিল্লার বিশিষ্ট নারীনেত্রী দিলনাশি মোহসেন এ অভিব্যক্তি ব্যক্ত করেন। বিকেল তিনটায় নগরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে ওই পতাকা সমাবেশ হয়।সমাবেশে পতাকা উত্তোলন করেন ভাষাসৈনিক আলী তাহের মজুমদার। এতে কুমিল্লার মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও মুক্তিকামী জনতা অংশ নেন।লাল-সবুজের ছোট-বড় পতাকায় বর্ণিল হয়ে ওঠে নগরের কান্দিরপাড় এলাকা। চেতনায় দীপ্ত হয়ে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও পতাকা ওড়ায়। তখন মঞ্চে চলে দেশাত্মবোধক গান, বাউলগান ও প্রতিবাদী গান এবং যুদ্ধাপরাধীদের ধিক্কার দিয়ে চলে নানা স্লোগান।পরে আন্দোলনকারীরা হাত তুলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শপথ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাকির হোসেন, হুমায়ুন কবীর মজুমদার, বিএমএর জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিদ্দিকী, অধুনা থিয়েটারের শহীদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান প্রজন্ম কমান্ডের আহ্বায়ক মাসুদ পারভেজ খান প্রমুখ।