‘রক্ত দেব, বিমানবন্দরের জন্য জমি দেব না’
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রস্তাবিত বিমানবন্দরের প্রতিবাদে গতকাল রোববার কয়েক হাজার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের মালিগ্রাম বাজার পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্লোগান দেয়, ‘প্রস্তাবিত বিমানবন্দর ভাঙ্গায় মানি না, মানব না। পৈতৃক ভিটা ছাড়ব না। বিমানবন্দর চাই না। রক্ত দেব, তবু জমি দেব না।’ সকাল সোয়া ১০টায় কর্মসূচি শুরু হয়ে দুপুর পৌনে ১২টা পর্যন্ত চলে।চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াসউদ্দীন খালাসী প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত এলাকাটি ঘন বসতিপূর্ণ। এলাকার অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এখানকার জমিতে বছরে তিনবার ফসল হয়। বিমানবন্দরের নামে এসব জমি ধ্বংস করা চলবে না। তুজারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব ভূঁইয়া বলেন, এ অঞ্চলের পাট বিশ্ববিখ্যাত। বিভিন্ন এলাকার লোক এ এলাকায় ছুটে আসে ধান, গম ও পেঁয়াজের বীজ সংগ্রহ করতে। কৃষিপ্রধান এ এলাকায় বিমানবন্দর হতে দেওয়া যায় না।তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের কৃষক ওমর ফারুক (৬০) বলেন, ‘বাড়িসহ আমার তিন বিঘা জমি রয়েছে। এ জমি প্রস্তাবিত বিমানবন্দরের জায়গায় পড়েছে। আমি কোনো কিছুর বিনিময়ে বাপ-দাদার এ ভিটামাটি ছাড়ব না।’ চান্দ্রা ইউনিয়নের মালিগ্রামের মো. সাঈদ (৩৫) বলেন, ‘আমাগো জমির যে ক্ষতিপূরণ সরকার দেবে বলে শুনেছি, তা অনেক কম। তা দিয়ে আমাদের কিছুই হবে না। আমরা এখানে বিমানবন্দর চাই না।’মানববন্ধনে অংশগ্রহণকারীদের প্রচারপত্রে বলা হয়েছে, ভাঙ্গায় প্রস্তাবিত এলাকায় বিমানবন্দর করা হলে ফসলি জমি ছাড়াও ২৫টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন, দুটি উচ্চবিদ্যালয়, একটি ফাজিল ও পাঁচটি কওমি মাদ্রাসা, ২৫০টি মসজিদ-মন্দির, দুটি সরকারি হাসপাতাল, দুটি কমিউনিটি ক্লিনিক, নয়টি বাজার ও ১৫টি কবরস্থান ভাঙা পড়বে। ভাঙ্গা পৌরসভা, তুজারপুর, আজিমনগর, কাউলিবেড়া ও চান্দ্রা ইউনিয়নের অন্তত ২২টি গ্রামের কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। মহাসড়কের দুই পাশে এ কর্মসূচি পালন করায় যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।কর্মসূচি শেষে উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনকে আহ্বায়ক করে ১৩ সদস্যের ‘প্রস্তাবিত বিমানবন্দর প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়।১১ নভেম্বর ভাঙ্গায় পাঁচ হাজার একর এলাকায় প্রস্তাবিত বিমানবন্দরের জায়গা পরিদর্শন করেন বিমানবন্দরের জায়গা যাচাই কমিটি। এ দলের নেতৃত্ব দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, বিমানবন্দর যাচাই কমিটি সবেমাত্র প্রস্তাবিত জায়গাগুলো পরিদর্শন করেছে। এখনো কোনো প্রতিবেদন দেয়নি। এ প্রতিবেদন দেওয়ার পর টেকনিক্যাল কমিটি ওই প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবে। এরপর ওই কমিটি প্রধানমন্ত্রীকে প্রতিবেদন দেবে। পরে বিষয়টি চূড়ান্ত করা হবে। জেলা প্রশাসক বলেন, এর আগে এ ধরনের মানববন্ধন কর্মসূচির কোনো গ্রহণযোগ্যতা নেই।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ (ভাঙ্গা) কাজী জাফরউল্লাহ বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘যদি প্রস্তাবিত জায়গা হিসেবে ভাঙ্গাকে নির্বাচন করা হয়, তখন আমি ভাঙ্গা এলাকার চতুল বিলসহ কমসংখ্যক ঘরবাড়ি অপসারণ করে কীভাবে বিমানবন্দর করা সম্ভব—এর প্রস্তাব দেব।’