নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাজেদ উর রহমান ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হলে তাঁদের রক্তে হোলি খেলা হবে। উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষের এমন বক্তব্য প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার সংবাদ সম্মেলন হয়েছে। উপজেলার তমালতলার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন আবুল হোসেন।
আবুল হোসেন বলেন, গত শনিবার তমালতলা মোড়ের এক পথসভায় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম স্থানীয় সাংসদ মো. আবুল কালামের উপস্থিতিতে বক্তব্য দেন। ওই সময় তিনি (আজিজুল) মাজেদ উর রহমান ও তাঁকে (আবুল হোসেন) অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তাঁদের (মাজেদ উর রহমান ও আবুল হোসেন) উদ্দেশ করে আজিজুল বলেন, এমপি প্রার্থী হলে রক্তের হোলি খেলা হবে। ভবিষ্যতে এলাকায় তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
আবুল হোসেন ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ছাড়া তিনি অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। আবুল হোসেন আরও বলেন, ‘আমার বিরুদ্ধে যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জি থানায় মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমাকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ওই জিডি করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জামিলুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী সরকার প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই আবুল হোসেন আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থিতা চাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকে তাঁকে উপজেলার বিভিন্ন দাপ্তরিক কমিটিতে সাংসদের প্রতিনিধি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাগাতিপাড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কিছু সাংসদের পক্ষে অবস্থান নিয়েছেন, কিছু সভাপতির পক্ষে অবস্থান নিয়েছেন। মাঝেমধ্যে বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা ও অভিযোগ-পাল্টা অভিযোগের ঘটনা ঘটছে।