‘রঙিন টিভি’ না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রঙিন টিভি’ না দেওয়ায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার চম্পকনগর গ্রামে শান্তা আক্তার (২২) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীর হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ, এলাকাবাসী ও শান্তা আক্তারের মা পারুল আক্তারের বিবরণ অনুযায়ী, গত এপ্রিল মাসে নিজেদের পছন্দে দেবীদ্বার উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আলমগীর হোসেন ও আদর্শ সদর উপজেলার চম্পকনগর গ্রামের শান্তা আক্তার বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়েতে উভয় পরিবার রাজি না থাকলেও পরে বিষয়টি মেনে নেয়। বিয়ের পর আলমগীর স্ত্রীকে ‘রঙিন টিভি’ দেওয়ার জন্য চাপ দেন। ঈদুল ফিতরের পরদিন আলমগীর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান। গত সোমবার রাতে টেলিভিশন না দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন আলমগীর। সকালে বাড়ির লোকদের ডেকে আলমগীর বলেন, শান্তা ঘুমের মধ্যে মরে গেছে।তাৎক্ষণিক গ্রামের লোকজন আলমগীরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘরের খাট থেকে শান্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।শান্তার মা পারুল আক্তার বলেন, ‘রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। একপর্যায়ে আলমগীরের কথা শোনা গেলেও শান্তার গলার আওয়াজ পাওয়া যায়নি। আমি মনে করছিলাম, শান্তা ঘুমিয়ে পড়েছে।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর পুলিশের কাছে শান্তাকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক উপপরিদর্শক (এসআই)। কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, শ্বাসরোধ করে শান্তা আক্তারকে হত্যা করা হয়। তাঁর গলার নিচে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। এ ব্যাপারে শান্তার বাবা সাদেক হোসেন আলমগীরকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা করেন। আলমগীরকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। আগামীকাল (আজ) আলমগীরকে আদালতে নেওয়া হবে।