কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক সাহিত্য প্রকাশনা ‘রজত তট’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল বুধবার। দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক মো. আবু ইউছুফের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার সাহিত্য একাডেমির পরিচালক মুহাম্মদ নুরুল ইসলাম। সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৫৬ বছরে দ্বিতীয় বার বের হলো বার্ষিক সাহিত্য প্রকাশনা ‘রজত তট’। প্রথম প্রকাশনাটি বের হয় নয় বছর আগে। ফজলুল করিম চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্রীদের সাহিত্যচর্চাও উদ্বুদ্ধ করতে হবে। প্রধান শিক্ষক মো. আবু ইউছুফ প্রতিবছর ‘রজত তট’ প্রকাশের আশ্বাস দেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার