
সাবেক জ্যেষ্ঠ সচিব ও লেখক রণজিৎ কুমার বিশ্বাসের সঠিক মূল্যায়ন হয়নি বলে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী শেলী সেনগুপ্তা। রণজিৎ বিশ্বাসের মরদেহ আজ শুক্রবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়। এ সময় তিনি এই মন্তব্য করেন।
রণজিৎ কুমার বিশ্বাস (৬১) গতকাল বৃহস্পতিবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়। সেখানে সরকারি কর্মকর্তা, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী রাজনীতিক, সাংবাদিক, স্বজন, বন্ধু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বরেণ্য এই ব্যক্তিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে স্ত্রী শিক্ষিকা শেলী সেনগুপ্তা বলেন, দেশ রণজিৎ বিশ্বাসের লেখার সঠিক ব্যবহার করতে পারেনি। এই জ্ঞানী প্রশাসকের মেধাটাকেও সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। সঠিক মূল্যায়ন হয়নি তাঁর।
কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ‘আমি ৩৫ বছরের সাথীকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন বড় মাপের লেখককে। শুদ্ধ বানান লেখা, শুদ্ধ ভাষা চর্চায় উনার চেয়ে ভালো কেউ পারেন না। তাঁর শূন্যস্থান পূরণে কয়েক যুগ চলে যাবে।’
তিনি বলেন, আজ জনগণ তাঁকে যেভাবে শ্রদ্ধা জানাচ্ছে তাঁরা বুঝতে পারছে। কিন্তু অন্য জায়গা থেকে সেভাবে মূল্যায়ন করা হয়নি। তিনি অনেক কষ্ট নিয়ে চলে গেছে। ‘তিনি সবসময় বলতেন, আমার সঠিক মূল্যায়ন হয়নি’।
এ সময় আরও বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার বক্তব্য রাখেন।
শেষে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সরকারের পক্ষ থেকে শবদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিটি করপোরেশন, সিইউজে, বিএফইউজে, প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রবর্তক সংঘ, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন, অভ্যুদয় সঙ্গীতাঙ্গন, গণগ্রন্থাগার অধিদপ্তর, জগৎপুর অনাথ আশ্রম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রাণালয়, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, নন্দীরহাট লোকনাথ সেবাশ্রমসহ বিভিন্ন সংগঠন।

শ্রদ্ধা জানাতে প্রেস ক্লাব চত্বরে ভিড় করেন রণজিৎ বিশ্বাসের বন্ধু সাবেক অতিরিক্ত প্রধান বন সংরক্ষক রতন মজুমদার, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সদস্য আসিফ সিরাজ, ইউএসটিসির উপাচার্য অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া, ড. মনজুরুল আমিন চৌধুরী, কবি আনন্দ মোহন রক্ষিত, ওমর কায়সার, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ প্রমুখ।
সাবেক জ্যেষ্ঠ সচিব রণজিৎ বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে মারা যান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান রণজিৎ ২০১৫ সালে সংস্কৃতি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান। একই বছর তিনি অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যান।
একমাত্র কন্যা বিদেশ থেকে ফিরলে আগামী রোববার প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে।