কৃষিজমি ও পরিবেশের প্রতি ক্ষতিকর প্রভাবের বিবেচনায় ভারতে ইট রপ্তানির ব্যাপারে আপত্তি জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। একটি বেসরকারি প্রতিষ্ঠান ভারতের ত্রিপুরা রাজ্যে বছরে ৪০ কোটি ইট রপ্তানির ব্যাপারে সরকারের কাছে আবেদন করলে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। গতকাল মঙ্গলবার পরিবেশ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় বলা হয়, রপ্তানির জন্য ইট তৈরি হলে তা দেশের কৃষিজমির জন্য ক্ষতিকর হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে এই সভায় কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় বেশির ভাগ বক্তা অভিমত দেন, ইটভাটার কারণে এমনিতেই প্রতি বছর কৃষিজমির ক্ষতি হচ্ছে। ইট রপ্তানির অনুমতি দেওয়া হলে এই ক্ষতির পরিমাণ বাড়বে। সভায় বক্তারা বলেন, বালি ও সিমেন্ট দিয়ে সরকার পরিবেশবান্ধব ‘কমপ্রেসড কংক্রিট ব্লক ইট’ তৈরি করার যে উদ্যোগ নিয়েছে, তা সফল হলে ভবিষ্যতে সীমিত পরিসরে ইট রপ্তানি করা যেতে পারে। উল্লেখ্য, পরিবেশদূষণ, জমির উর্বরতা হ্রাস, বন উজাড় ইত্যাদি বিষয় বিবেচনা করে সরকার ইটভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই বছরের মধ্যে সনাতন পদ্ধতির সবগুলো ইটভাটা বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে।সভায় পরিবেশসচিব মিহির কান্তি মজুমদার বলেন, পরিবেশের ক্ষতি ও কৃষিজমি রক্ষার কথা বিবেচনা করে বর্তমান প্রযুক্তিতে তৈরি কোনো ইট রপ্তানি করা ঠিক হবে না। ভবিষ্যতে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তিতে তৈরি ইট সীমিত পরিসরে রপ্তানির কথা বিবেচনা করা যেতে পারে। সভা উপলক্ষে তৈরি করা কার্যপত্রে বলা হয়, জনসংখ্যা বৃদ্ধির ফলে ক্রমাগত বসতি বৃদ্ধি পাওয়ায় ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে। বছরে ৮২ হাজার হেক্টর কৃষিজমি কমে যাচ্ছে। রপ্তানির জন্য বছরে অতিরিক্ত ৪০ কোটি ইট উৎপাদনের কারণে ফসলি জমির ক্ষতি হবে। জমির ওপরের উর্বর অংশই ইট তৈরির কাজে ব্যবহূত হওয়ায় তা মাটির দীর্ঘমেয়াদি ক্ষতি করছে। সভায় পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা দেশের অর্থনীতির জন্য সাময়িকভাবে ইতিবাচক মনে হতে পারে। তবে বায়ুদূষণসহ অন্যান্য ক্ষতির কথা বিবেচনা করে ইট রপ্তানি করা সঠিক হবে না।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি হিসাবে দেশে সাত হাজার ইটভাটা রয়েছে। এর বেশির ভাগই সনাতন পদ্ধতিতে ইট তৈরি করছে। আরও তিন হাজার অবৈধ ইটভাটা রয়েছে বলে মনে করা হয়।