'রবীন্দ্রনাথ: রূপে ও রসে' গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে বগুড়ার শেরপুরে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মিনতি কুমার রায়ের গবেষণাগ্রন্থ রবীন্দ্রনাথ: রূপে ও রসে-এর মোড়ক উন্মোচন হলো গতকাল শনিবার।
বিকেলে শেরপুর সাহিত্য চক্র স্থানীয় বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজ চত্বরে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
রবীন্দ্রনাথের কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক নিয়ে সাতটি অধ্যায়ে ৭৫২ পৃষ্ঠার এই গ্রন্থে বিশদ আলোচনা করা হয়েছে। লেখক তাঁর প্রয়াত শিক্ষক অধ্যাপক মাযহারুল ইসলাম, শহীদ অধ্যক্ষ মহসীন আলী দেওয়ান, কবি আতাউর রহমান, অধ্যাপক এবারক হোসেন, অগ্রজপ্রতিম সাংবাদিক আবদুল মতীন ও ভ্রাতৃপ্রতিম কবি মুহম্মদ রহমতুল বারীর প্রতি উৎসর্গ করেছেন। মিনতি কুমার রায় ছিলেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক।
অনুষ্ঠানের শুরুতে আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার গ্রন্থটির সারসংক্ষেপ তুলে ধরেন। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথির সঙ্গে রবীন্দ্রনাথ: রূপে ও রসে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
শেরপুর সাহিত্য চক্রের সভাপতিমণ্ডলীর সদস্য কবি মুহম্মদ রহমতুল বারীর সভাপতিত্বে বক্তব্য দেন আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খৈয়াম কাদের প্রমুখ।