'রবীন্দ্রনাথ সর্বকালের কবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পতিসরে গতকাল জাতীয় পর্যায়ে রবীন্দ্রনাথের ১৫৬তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান (বাঁয়ে) এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: পিআইডি
নওগাঁর পতিসরে গতকাল জাতীয় পর্যায়ে রবীন্দ্রনাথের ১৫৬তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান (বাঁয়ে) এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: পিআইডি

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক ও দার্শনিক ছিলেন না, ছিলেন পল্লিসংস্কারকও। গ্রামকে অবজ্ঞা করে নগরের ওপর নির্ভরতা, শিক্ষিত শ্রেণির ওপর নির্ভরতা, ‘ভদ্রলোকের ভারতবর্ষ’ গড়ার বিরোধী ছিলেন তিনি। তাঁর কাছে মানবধর্ম ছিল সবচেয়ে বড়। রবীন্দ্রনাথ কেবল তাঁর কালের কবি নন, তিনি সর্বকালের কবি। রবীন্দ্রজয়ন্তীর জাতীয় কর্মসূচির উদ্বোধনকালে গতকাল প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পতিসরে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানে প্রথম দিনের কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তব্যের শুরুতেই স্বভাবসুলভ রসিকতায় রাষ্ট্রপতি নিজের জীবনযাপন সম্পর্কে বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পর আমার জীবন অনেকটা শৃঙ্খলিত হয়ে পড়েছে। আমাকে আপনারা নওগাঁয় আমন্ত্রণ করেছেন। কিন্তু এখন আমার জীবন সীমাবদ্ধ। যখন আমি আসতে চেয়েছি, তখন আমাকে আমন্ত্রণ জানাননি। তবে এর আগে নওগাঁয় না এলেও পঁচাত্তরের পর আপনাদের কাছাকাছি ছিলাম। রাজশাহীতে সাত মাস জেলে ছিলাম।’
সব ধরনের অপশক্তি দূর করতে আরও বেশি রবীন্দ্রচর্চার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আজ যখন বিশ্বের সর্বস্তরে উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন রবীন্দ্রচর্চা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। রবীন্দ্রনাথ বাঙালির মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করেছিলেন।’
আলোচনা অনুষ্ঠান শেষে রবীন্দ্রসংগীত ও নাচ পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, সাংসদ মোহাম্মদ ইসরাফিল আলম, অধ্যাপক হায়াৎ মামুদ ছাড়াও ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই রবীন্দ্র উৎসব আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও চলবে।
শিলাইদহ
কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে গতকাল বেলা ১১টায় শুরু হয়েছে তিন দিনের অনুষ্ঠান। কুঠিবাড়ির মূল মঞ্চে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। সকাল থেকেই শিলাইদহ রবীন্দ্রপ্রেমী ও ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। কুঠিবাড়ি চত্বরে অনুষ্ঠানে নাচ, গান, কবিতা ও নাটক পরিবেশন করছে অর্ধশতাধিক সংগঠন।
শাহজাদপুর
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনেও তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এ অনুষ্ঠান উদ্বোধন করেন। শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঢাকা থেকে আসা শিল্পীরা দলীয় ও একক সংগীত এবং নৃত্য পরিবেশন করেন।
ফুলতলা
খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে শুরু হয়েছে লোকমেলা। বিকেলে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘রবীন্দ্রচিন্তায় প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা’ শিরোনামে এক আলোচনা অনুষ্ঠান হয়। আলোচনা সভার পর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নওগাঁ, সিরাজগঞ্জ, আদমদীঘি (বগুড়া) ও খুলনা প্রতিনিধি এবং কুষ্টিয়া অফিস।