'রমা চৌধুরীর জীবন থেকে শিক্ষা নিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমা চৌধুরী
রমা চৌধুরী

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, একাত্তরের জননী রমা চৌধুরীর মতো একজন মহীয়সী নারী মহান মুক্তিযুদ্ধে চরম মূল্য দিয়েছিলেন। কিন্তু এর জন্য কোনো প্রতিদান নেননি। তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিতে হবে।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা শিশু একাডেমী মিলনায়তনে সদ্যপ্রয়াত রমা চৌধুরীর স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহতাব উদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখা এ সভার আয়োজন করে।

‘একাত্তরের জননী’সহ ১৮টি গ্রন্থের লেখক, মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার নারী রমা চৌধুরী ৩ সেপ্টেম্বর ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাড়ের ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন।

শোকসভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত হয়েছিলেন রমা চৌধুরী। আত্মীয়-পরিজন ও প্রতিবেশীদের অবজ্ঞা পেয়েছিলেন। বাড়িঘর লুণ্ঠিত হয়েছিল। স্বামী ছেড়ে চলে গেছেন। সন্তানেরা রোগে মারা গিয়েছিলেন। সবকিছু হারিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন তিনি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলেন নিজের বই বিক্রি করতে। সে অর্থ দিয়ে অনাথ শিশুদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন। তাই রমা চৌধুরীর জীবনবোধ এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতার দরদি মন অবক্ষয় থেকে মুক্তির অন্যতম অবলম্বন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম জেলার সহসভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর এইচ এম সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম, জেলা শিশু একাডেমীর পরিচালক নার্গিস সুলতানা, নগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ প্রমুখ।