‘রশিকপুর গ্রাম যেন ভিন্ন রাজ্যে পরিণত হয়েছে’
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামের ১০ হাজার বাসিন্দা এখন চারজন সন্ত্রাসীর কাছে জিম্মি। তারা যে কারও কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে হানা দিচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে পিটিয়ে আহত করেছে তারা। তাদের হুমকিতে অনেকে জমির ফসল পর্যন্ত কাটতে পারছে না। সন্ত্রাসীদের ভয়ে গ্রামের ২০ বাসিন্দা থানার গেটের সামনে বাড়ি ভাড়া করে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছে।এই চার সন্ত্রাসী হলেন আবদুল কুদ্দুস (৪০), মহিদ আলী শেখ (৩৫), বাবর আলী (৩৪) ও জয়নাল শেখ (৪১)। মুজিবনগর থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তাঁদের নামে অভিযোগপত্রও দেওয়া হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক গডফাদারের মদদ থাকায় ওই চার সন্ত্রাসীকে দমনে পুলিশ অসহায়। তিনি জানান, ওই চারজনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণসহ ১১টি মামলা রয়েছে এবং ২৪টি মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া আছে। মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের ভয়ে রশিকপুর গ্রামের অনেকেই ঘরবাড়ি ছেড়ে গেছে, আবার অনেকেই গৃহবন্দি হয়ে আছে। যেন সন্ত্রাসীরাই গ্রামের হর্তাকর্তা। সন্ত্রাসীদের হাত থেকে গ্রামটি রক্ষায় তিনিও অসহায়। একই মন্তব্য করে মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা বলেন, ‘বাপু ওদের বিরুদ্ধে কিছু বলে জীবন হারাব নাকি।’ সরেজমিনে রশিকপুরে যেতে চাইলে ওসি জালাল এই প্রতিনিধিকে বলেন, ‘গ্রামে সাংবাদিক গেছে জানতে পারলে ওরা আপনাকেও খুন করবে।’ খোঁজ নিয়ে জানা যায়, সন্ত্রাসীদের ভয়ে গ্রামের মনির খাঁ (৫৪), সেলিম উদ্দিন (৪৮), কাবিরুল ইসলাম (৩৯), আলেয়া খাতুন (৫১), আছু খাঁ (৪৫), জহুরুল ইসলাম (৫৪), মজনু আলী (৩৯), সাবেরুল হক (৪৫), রাহেমুদ্দিন মাস্টার (৫১), সদর আলীসহ ২০টি পরিবার থানার পাশে বাড়ি ভাড়া নিয়ে অবস্থান করছে। চাঁদা না দেওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি গ্রামের খাজার মোড়ে সেলিম নামে একজনকে এবং গত ২ মার্চ ইউপি সদস্য মনির উদ্দিনকে সন্ত্রাসীরা রাস্তায় দিনেদুপুরে পিটিয়ে আহত করে।গ্রামের সুরুজ আলী জানান, সন্ত্রাসীদের ভয়ে তিনি তাঁর ২০ বিঘা জমির আলু তুলতে পারছেন না। রাবেদুল ইসলাম ও কেয়াজুল গাজী ধান ও গমের খেতে পানি পর্যন্ত দিতে পারছেন না। চাঁদা না দিয়ে জমিতে গেলে সন্ত্রাসীরা তাঁদের খুন করারও হুমকি দিয়েছে। যাঁরা মামলা করেছেন সন্ত্রাসীরা মামলা তুলে নিতে তাঁদের এখন হুমকি দিচ্ছে। চাঁদা না দেওয়ায় গ্রামের বেদেনা খাতুন, মাকছুদা খাতুন, আছলি বেগম, সুফিয়া খাতুনের বাড়ি ও জমির গাছ কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা।মেহেরপুর পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ‘রশিকপুর গ্রাম যেন ভিন্ন রাজ্যে পরিণত হয়েছে।’ তিনি গ্রামটিকে সন্ত্রাসমুক্ত করতে র্যাবের সাহায্য নেওয়ার কথা বলেন। মেহেরপুর র্যাব কমান্ডার আবুল কালাম আজাদ জানান, রশিকপুরে র্যাব নামানোর প্রস্তুতি চলছে।অভিযোগের বিষয়ে কুদ্দুস ও মুহিদকে মুঠোফোনে প্রশ্ন করা হলে তাঁরা উত্তেজিত হয়ে বলেন, ‘তুই-ই প্রথম জানতে চাইলি আমরা কেন এসব সন্ত্রাসী কাজ করছি। আমরা গ্রামকে শয়তানমুক্ত করতে অস্ত্র হাতে নিয়ে ঘুরি। পুলিশ-র্যাব কেউ চায় না গ্রাম শয়তানমুক্ত হোক। আর তুই শয়তানদের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করলে তোকেও মেহেরপুর গিয়ে শাস্তি দিয়ে আসব।’