‘রসায়ন-ঝড়ে’ যশোর বোর্ডে কমেছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসায়ন বিষয়ে প্রশ্নপত্র জটিল হওয়ার কারণে এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ বছর মোট সাত হাজার ৩৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর পেয়েছিল সাত হাজার ৩৯৯ জন। এবার ২৬ জন জিপিএ-৫ কম পেল।তবে পাসের হারের দিক থেকে যশোর শিক্ষা বোর্ড এবার রেকর্ড সৃষ্টি করেছে। এবার সর্বোচ্চ ৮৪ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম বলেন, ‘জিপিএ-৫-এর সংখ্যা কমে যাওয়ার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীরা যাতে আমাদের কোনো ভুলের শিকার না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’জিপিএ-৫ কমে যাওয়ার জন্য শিক্ষকদের অনেকে উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থাপনাকে দায়ী করেছেন। এ ব্যাপারে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, ‘রসায়ন বিষয়ে প্রশ্নপত্র জটিল হওয়াটা যেমন দায়ী, তেমনি উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থাপনাও সমানভাবে দায়ী। মূল্যায়ন ব্যবস্থাপনাটা জঘন্য। কম সময়ে ফল প্রকাশ করার প্রতিযোগিতায় তাড়াহুড়া করে খাতা মূল্যায়ন করা হচ্ছে। যার জন্য শিক্ষার্থীরা সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে না।’গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ১৮। ২০০৯ সালে ছিল ৬৮ দশমিক ১ শতাংশ। গত বছর মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৩ হাজার ৭১৮ জন; এবার এক লাখ ৩০ হাজার ৭৭০ জন।পাসের হার বৃদ্ধির ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম বলেন, স্কুল পরিদর্শন ও তদারকি জোরদার করায় পাসের হার বেড়ে গেছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা লেখাপড়ায় যথেষ্ট মনোযোগী ছিল।