সিলেট নগরের নেহার মার্কেটে গয়নার দোকানে লুটপাট ও গুলি করে এক ব্যক্তিকে হত্যার ঘটনাকে ‘রহস্যজনক ডাকাতি’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঘটনার সঙ্গে রাজনৈতিক সন্ত্রাসী তৎপরতার যোগসূত্র থাকতে পারে বলেও তিনি ইঙ্গিত করেন। গতকাল রোববার দুপুরে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী পুলিশের তদন্তে সহযোগিতা করার জন্য আন্দোলনরত ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। গত বুধবার রাত আটটার দিকে বোমা ও গুলি ছুড়ে নেহার মার্কেটের নিচতলার তিনটি গয়নার দোকান লুটপাট করে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে বিপণিবিতানের নিরাপত্তাকর্মী বাদশা মিয়া (৫০) নিহত হন। আহত হন সাতজন। এ ঘটনার পরপরই সিলেট জুয়েলারি সমিতির ডাকে পরদিন বৃহস্পতিবার পূর্ণদিবস ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট পালন শেষে সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ বৈঠক করে শনিবারের মধ্যে লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে সময় বেঁধে দেয়। তিন দিন পরও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় গতকাল রোববার সকাল-সন্ধ্যা ফের ধর্মঘট পালন করে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ। এ নিয়ে গতকাল দুপুরে শহরতলির বাদাঘাট এলাকার শাহ খুররম ডিগ্রি কলেজের একটি কক্ষে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মকবুল হোসেন ভুঁইয়া, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নেহার মার্কেটের ঘটনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সিলেটের রাজনৈতিক দলগুলো সন্ত্রাসে অত্যন্ত পারদর্শী। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারে, রাজনৈতিক সন্ত্রাস করে। এ রকম দুঃসাহসী হওয়ার সুযোগ আমরাই করে দিয়েছি। আপনারা দেখেছেন, অতি দ্রুত হামলা করে একটি মাত্র দোকানে ডাকাতি হয়েছে। রহস্যটা এখানেই। তাই ওই ডাকাতির মধ্যে রহস্য আছে।’ ব্যবসায়ীদের আন্দোলনের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি তদন্তেও সহায়তা করতে হবে। কেন একটি দোকানে লুট হলো—বিষয়টি তদন্ত করলেই বের হয়ে আসবে রহস্য। তখন দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা যাবে।’
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজস্ব আয় প্রায় দ্বিগুণ হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি, আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দুই বছর পর থেকে শুরু হয়। আমি আমার এলাকা দেখে মনে করি, উন্নয়নের ক্ষেত্রে নির্বাচনী অঙ্গীকার সফলতার সঙ্গে সম্পাদন করেছি।’ শিক্ষা ও কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিশেষ কৃতিত্ব দুটি ক্ষেত্রে হয়েছে। একটি শিক্ষা, অন্যটি কৃষি ও কর্মসংস্থান। কৃষিতে অসাধারণ উন্নতি হয়েছে। আমি মনে করি, এই সরকারের আমলে যা উন্নয়ন হয়েছে, গত ১০০ বছরে তার কাছাকাছি কিছু হয়নি।’