‘রাইত থাইকা পানির মধ্যে খাড়াইয়া রইছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা রে, আমগর তিনডা ঘর আছিল। পইড়া গ্যাছে। কাল রাইত থাইকা সকাল পর্যন্ত পোলাপান লইয়া পানির মধ্যে খারাইয়া রইছি। হাঁস-মোরগি বাঁচাবার পাইছি না। বেবাগ পানিতে ভাইসা গেছে।’ ঢলের পানিতে বাড়িঘর হারিয়ে গতকাল বুধবার দুপুরে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের চান বানু। চার ছেলেমেয়ে নিয়ে তিনি বর্তমানে নালিতাবাড়ী-কাঁকরকান্দি সড়কের ওপর খোলা আকাশে জীবন যাপন করছেন। শুধু চানবানু নয়, ঘরবাড়িতে পানি উঠে পড়ায় জেলার পাঁচটি উপজেলার কয়েক শ মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।মঙ্গলবার রাতের প্রবল বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির কারণে জেলার সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার ৩২টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। কয়েক শ মানুষ স্থানীয় বিভিন্ন সড়কে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। প্রায় ২০ হাজার হেক্টর জমির রোপা আমন, বীজতলা ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে। নালিতাবাড়ীর ভোগাই ও চেল্লাখালি পাহাড়ি নদী এবং ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কয়েকটি স্থানে প্রতিরক্ষা বাঁধে ভাঙনের সৃষ্টি হয়েছে। শেরপুর জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা নিরূপণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে তাৎক্ষণিক সাহায্য হিসেবে ২০ মেট্রিক টন খয়রাতি চাল ও নগদ ৫৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।