‘রাইতে ঘুমাইতে পারি না গরু পাহারা দিয়া রাখি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতি রাইতেই ট্রলার নিয়া ডাকাতরা হানা দেয়। আমরা রাইতে ঘুমাইতে পারি না। গরু পাহারা দিয়া রাখি। প্রত্যেক রাইতে ১৫-১৬ জন লাঠি, শাবল নিয়া গাঙপাড়ে পাহারা দেই। কয়েক দিন আগে গনিরচরে হানা দিয়া ডাকাতরা ১৩টা গরু নিয়া গেছে। আমার নিজের আছে চাইরটা গাই ও একটা আইড়া। দুধ বেইচা আমাগো সংসার চলে।’ ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের আলিমুদ্দিন মাতুব্বরের কান্দিগ্রামের শুকপুরি বেগম এভাবেই তাঁর উদ্বেগের কথা প্রকাশ করেন। জানা গেছে, সদরের নর্থ চ্যানেল, ডিক্রিরচর ও চর মাধবদিয়া তিনটি ইউনিয়নের সাত হাজার পরিবারের প্রায় ৩৪ হাজার লোক চর এলাকায় বসবাস করে। গবাদি পশু পালন তাদের মূল পেশা। তারা প্রতিদিন দুধ বিক্রি ও কোরবানির সময় গরু বিক্রি করে জীবিকা নির্বাহ করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নর্থ চ্যানেল ইউনিয়নের চারটি ওয়ার্ডের ৩৩টি গ্রামের প্রায় চার হাজার পরিবার চরে বাস করে। এ ছাড়া চর মাধবদিয়া ইউনিয়নের ১৩টি গ্রামের মোট দুই হাজার ৫০০ পরিবার এবং পাশের ডিক্রিরচর ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ৬০০ পরিবার চর এলাকায় বাস করে। প্রতিবছরই বর্ষা মওসুমে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই চরে ট্রলারে করে দল বেঁধে ডাকাত ও চোরের দল হানা দেয়। তারা জলাবদ্ধ বিভিন্ন গ্রাম থেকে গরু নিয়ে যায়। তাই নিজেদের সম্পদ রক্ষা করতে গ্রামবাসীকে সংঘবদ্ধ হয়ে রাত জেগে নদীর পাড়ে পাহারা দিতে হয়।নর্থ চ্যানেল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য খালেক দেওয়ান বলেন, ‘আমার ওয়ার্ডে নয়টি গ্রামে ৬০০ পরিবার বাস করে। প্রতিটি পরিবার গড়ে চারটি করে গরু পালে। অনেকে বর্গা নিয়েও গরু পালন করে। এলাকায় সারা বছরই ডাকাতের উপদ্রব। তবে বর্ষাকালে বেশি ডাকাতি হয়। ডাকাতদের মূল নজর থাকে গরুর দিকে। সাত মাস আগে আমার এলাকার ওহেদ আলী মাস্টারের নয়টা গরু ডাকাতরা নিয়ে গেছে। প্রতিটি গরুর দাম ৬০-৭০ হাজার টাকা। আমরা বর্ষার সময় নৌপথে টহলের জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম। কিন্তু তাতে কাজ হয়নি। এ এলাকায় জরুরি ভিত্তিতে একটি পুলিশ ফাঁড়ি প্রয়োজন।’ ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেকুজ্জামান বলেন, এক মাস আগে সোনা মণ্ডলের ডাঙ্গি গ্রামের আটটি গরু চুরি হয়েছে। পুলিশ নিয়মিত টহল দেয় না। চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান মো. তুহিনুর রহমানও একই ধরনের কথা বলেন।ফরিদপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুব্রত কুমার হালদার বলেন, ‘পুলিশ ফাঁড়ি করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার। তবে এলাকাবাসী জ্বালানি তেলের ব্যবস্থা করলে এবং নিজেরা টহলে অংশ নিলে আমরা নিয়মিত টহলের জন্য পুলিশের ব্যবস্থা করতে পারি।’