'রাইতে চললেই বিপদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতে বদলে যাচ্ছে দৃশ্যপট। যানবাহনে ছুড়ে মারা হচ্ছে পেট্রলবোমা, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে পণ্যবোঝাই ট্রাকে। গত রোববার রাতে সিলেট নগরের কুমারগাঁওয়ে সিমেন্টবোঝাই একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা ।
রাতে বদলে যাচ্ছে দৃশ্যপট। যানবাহনে ছুড়ে মারা হচ্ছে পেট্রলবোমা, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে পণ্যবোঝাই ট্রাকে। গত রোববার রাতে সিলেট নগরের কুমারগাঁওয়ে সিমেন্টবোঝাই একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা ।

২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধে সিলেট ও রাজশাহী নগরে রাত হলেই নেমে আসছে আতঙ্ক। নগর ও মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে এলাকার মানুষজন নিয়ন্ত্রিতভাবে চলাচল করছে বলে জানা যায়।
আমাদের নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর:
সিলেট: অবরোধের প্রথম দিনে ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনায় সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর গত শুক্রবার মহাসড়কে একটি পাথরবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনার পর সিলেটের নগর অংশেও একধরনের ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে।
চণ্ডীপুলের পাশের গ্রাম ধরাধরপুরের বাসিন্দা একজন স্কুলশিক্ষক বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার ঘটনা দিনে না, রাইতেই ঘটে। বড় আতঙ্কে আমরা সড়ক-মহাসড়ক পাড়ের মানুষেরা। মনে হয় রাইতে চললেই বিপদ!’
মহাসড়ক ঘিরে এমন আতঙ্কে রাতে সেখানে নিরাপত্তা জোরদার করতে দক্ষিণ সুরমা থানার পুলিশ গতকাল সোমবার থেকে তাঁবু টানিয়ে চৌকি বসিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে নগরের প্রবেশমুখের হুমায়ুন রশিদ চত্বরে তাঁবু টানিয়ে পাহারা বসানো হয়েছে।
মহানগর পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানার মাধ্যমে চারজন উপপরিদর্শকের নেতৃত্বে দিন ও রাতে—দুটি পালার মাধ্যমে চৌকির কার্যক্রম চলবে।
সিলেট-সুনামগঞ্জ সড়কের বাসস্টেশন কুমারগাঁও এলাকায় গত রোববার রাতে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সামনে একদল যুবক ট্রাক থামিয়ে পেট্রল ছিটিয়ে আগুন দিয়ে পালায়। এ ঘটনার পর সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও, তেমুখি, টুকেরবাজার, ঘোপাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া হিসাব অনুযায়ী, অবরোধ শুরুর প্রথম দুদিন রাতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। তৃতীয় দিন রাতে নগরের শিবগঞ্জ ফরহাদ খাঁ সেতুর পাশে দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। চতুর্থ দিন নগরের পশ্চিম শাহি ঈদগাহ এলাকায় চালবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গত শুক্রবার দক্ষিণ সুরমার তেতলিতে একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর নতুন রেলস্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় পেট্রল ছুড়ে আগুন দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ বলেন, রাতে আতঙ্ক ছড়াতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে। সিলেট মহানগর পুলিশের ছয় থানা এলাকার পুলিশ দিনের চেয়ে রাতে বেশি সতর্ক থাকছে বলে জানান তিনি।
রাজশাহী: রোববার রাতে রাজশাহী শহর বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় কীটনাশকবাহী পিকআপে আগুন দেয় অবরোধকারীরা। নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নুর হোসেন বলেন, অটো ক্রপ কেয়ার লিমিটেডের একটি পিকআপে করে ঢাকা থেকে কীটনাশক নিয়ে রাজশাহী আসছিল। বাইপাস হয়ে শহরে প্রবেশের আগেই খড়খড়ি এলাকায় অবরোধকারীরা সড়কে গাছ ফেলে এর গতিরোধ করে। এরপর পিকআপের চালক ও তাঁর সহযোগীকে মারধর করে গাড়িতে পেট্রল ঢেলে আগুন দেয়।
এর আগে জেলার পুঠিয়ার শিবপুরে এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে কাঁটা ফেলে অবরোধ করে। ওই কাঁটা বিঁধে একটি ট্রাকের চাকা ফেটে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে এলে অবরোধকারীরা সহকারী পুলিশ সুপারের গাড়ি লক্ষ্য করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
গত শুক্রবার রাতে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর কাশিমপুর এলাকায় দুর্বৃত্তরা একটি ফলবাহী ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এর আগে ৬ জানুয়ারি দিবাগত রাতে নগরের শ্যামপুর এলাকায় সারবোঝাই একটি ট্রাক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ট্রাকের চালক মিজানুর রহমান বলেন, তিনি গাড়ির ভেতরে থাকা অবস্থায় ১৫-২০ জন লোক এসে গাড়ি ভাঙচুর করে ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তিনি কোনো রকমে আত্মরক্ষা করেন।