রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাহিদা অনুযায়ী ওষুধ নেই। দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন নষ্ট, নিয়মিত পরিষ্কারও করা হয় না। এসব নানা সমস্যা নিয়ে চলছে এই স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ফরিদাবাদ গ্রামের মোবারক হোসেন (৪২) বলেন, ‘টাকা আছে যার, চিকিৎসা হওচে তার। হামার মতো গরিব মাইনষের চিকিৎসা নাই। সিরাপ, ইনজেকশন দেয় না। নার্স দুর্ব্যবহার করে। রাইতোত অসুবিধা হইলে নার্স-ডাক্তারোক ডাকি মরি গেইলেও কাও শোনে না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৫ সালে স্থাপিত ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ওষুধ নেই অজুহাতে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের শুধু ব্যবস্থাপত্র দিয়েই বিদায় করা হয়। আট বছর আগে এক্স-রে মেশিনটি নষ্ট হওয়ায় এ বিভাগ বন্ধ রাখা হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও হাসপাতালটিতে শয্যাসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেই। রোগীদের মেঝে বা বারান্দায় থাকতে হয়। রোগীদের থাকার কক্ষ, বিছানাপত্র, টয়লেট ও নর্দমা নিয়মিত পরিষ্কার করা হয় না। এ কারণে এখানে দুর্গন্ধে টেকা যায় না।
গত বুধবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় ডাঙ্গীরহাট গ্রামের ভর্তি থাকা রোগী আলতাফ হোসেনের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এইটে কোনা যারা ভর্তি হয়, তারা যেন মানুষ নোয়ায়। জানোয়ার। দেকেন, কোনো পরিষ্কার নাই। খালি ময়লা আর ময়লা।’
বানিয়াপাড়া গ্রামের মেনহাজুল ইসলাম বলেন, ‘চিকিৎসার জন্য দোজখখানায় ঢুকেছি। ওষুধ নেই, ঠিকমতো পথ্য নেই, প্রচণ্ড গরমে আরও অসুস্থ হয়ে পড়েছি। এই জন্যে হাসপাতাল থাকি ছুটি নিয়া বাড়িত যাওচি।’
আলতাফ হোসেন বলেন, ‘গত শনিবার রাতে পিঠের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হইছি। চার দিনে চারটা ক্যাপসুল আর দুইটা টেবলেট পাইছি। বাকি ওষুধ কিনে খাই বাইরা থাকি। আমার মতো অন্য রোগীদেরও বাইরের থেকে সব ওষুধ কিনে খেতে হয়।’
আলমপুর গ্রামের ভর্তি হওয়া রোগী লুকু চৌধুরী অভিযোগ করেন, ‘হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, তা নিম্নমানের, খাওয়া যায় না। বাইরে থেকে খাবার কিনে খেতে হয়।’
নিচতলায় বহির্বিভাগে দেখা গেল রোগীদের প্রচণ্ড ভিড়। চিকিৎসা নিতে আসা ফকিরপাড়া গ্রামের আরজিনা বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ, টাকা দিয়া ভালো ওষুধ কিনবার পারছি না। ছাওয়াটার চোখের সমস্যা। অনেক দূর থাকি হাসপাতাল আইছি। ছাওয়াটার চোখ দেখি ছোট আনা কাগজে ওষুধ নেকি দিল। ওষুধ চানু, তা ফির কিছুই দেইল না। কাগজখান নিয়া বাড়ি যাওচি।’
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, ‘ডায়রিয়ার রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন আছে। তবে অন্য রোগীদের জন্য উন্নত মানের ওষুধ সরবরাহ কম। রোগীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ পেলে, ঠিকাদার নিম্নমানের খাবার সরবরাহ করলে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’