'রাগীব আলীর সম্পদ জব্দ করে তারাপুরবাসীর ক্ষতিপূরণ দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি দখলের ঘটনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই পালিয়ে ভারতে চলে যাওয়া রাগীব আলীর সম্পদ জব্দ করে সেখান থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান।

গত রোববার দিনভর বিভিন্ন কর্মসূচি পালন শেষে রাতে ৭ নম্বর ওয়ার্ডের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভায় তারাপুর অংশের বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ দাবি জানিয়েছেন। সভায় আফতাব হোসেন খান বলেন, ‘আমরা জানতাম রাগীব আলী একজন দানবীর। আসলে দানবীরের মুখোশ পরা একজন প্রতারক। তাই রাগীব আলীর যত সম্পদ আছে, তা জব্দ করে তারাপুরবাসীর ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে উচ্ছেদ অভিযান চালালে বসতভিটাহারা মানুষ তারাপুর চা-বাগানের পাশে রাগীব আলীর মালনীছড়া চা-বাগানের বাংলোতে গিয়ে আশ্রয় নেবে।’

৭ নম্বর ওয়ার্ডের জালালাবাদ কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আইনজীবী সিরাজ উদ্দিন, পশ্চিম পীর মহল্লার বাজার কমিটির সভাপতি এম এ কামাল, স্থানীয় মাদ্রাসার অধ্যক্ষ পীর আবদুল জব্বার, বঙ্গবন্ধু পরিষদ কুয়েত শাখার সভাপতি শাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

সিলেট নগরের পাঠানটুলার উপকণ্ঠে ৪২২ দশমিক ৯৬ একর জায়গার তারাপুর চা-বাগান দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের এ রায় বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন রাগীব আলীর মেডিকেল কলেজ, হাসপাতালসহ সব অবৈধ স্থাপনা ১৩ আগস্টের মধ্যে সরাতে দ্বিতীয় দফা গণবিজ্ঞপ্তি জারি করে। অন্যথায় গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এরপরও স্থাপনা না সরানোয় উচ্ছেদ-প্রক্রিয়ার প্রস্তুতি শুরু হচ্ছে বলে রোববার প্রথম আলোকে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।