'রাজকুমারী' যাবে নতুন ঠিকানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুমাচ্ছে ‘রাজকুমারী’ l প্রথম আলো
ঘুমাচ্ছে ‘রাজকুমারী’ l প্রথম আলো

কেউ তাকে ডাকে ‘রাজকুমারী’ বলে, কেউ বলেন ‘রাজকন্যা’। ফুটফুটে চেহারা। মাথাভরা রেশমের মতো নরম চুল। পরিপাটি করে আঁচড়ানো। গায়ে হালকা গোলাপি রঙের জামা। একটু আগেই খাওয়ানো হয়েছে। তারপর আয়েশ করে ঘুম। একটু শব্দ হলে ঘুমের ঘোরেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ। তবে তার তত্ত্বাবধানে থাকা নার্সের মুখে প্রশান্তির হাসি—যাক, সব ঠিক আছে। গতকাল বৃহস্পতিবার ২৩ দিন হলো ওর বয়স। এখনো নাম রাখা হয়নি। সে এখন যাবে নতুন ঠিকানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবাকেন্দ্র ‘স্ক্যাবু’তে এভাবেই দিন কাটছে ওর। ছোট্ট তুলতুলে শরীরে আর বিশেষ কোনো সমস্যা নেই। তাই স্ক্যাবু ছাড়তে হবে। কিন্তু ও কোথায় যাবে? আপাতত ওই নবজাতকের গন্তব্য সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাস। তারই প্রস্তুতি চলছে। গতকাল ছোটমণি নিবাসের কর্তৃপক্ষ ওকে দেখতে আসে।
জন্মের পরপরই ওর মা-বাবা অথবা অন্য কেউ গত ১৫ সেপ্টেম্বর পূর্ব শেওড়াপাড়ার পুরোনো বিমানবন্দর-সংলগ্ন একটি মাঠে সিমেন্টের বস্তায় ভরে ফেলে গিয়েছিল। কুকুরের দল বস্তার ভেতর থেকে বের করে ঠোঁট ও নাকের বেশ খানিকটা অংশ খেয়ে ফেলে। বাঁ হাতের দুটি আঙুলের ডগাও গেছে কুকুরের পেটে। কয়েকজন নারী ওকে কুকুরের হাত থেকে উদ্ধার করে প্রথমে রাজধানীর শিশু হাসপাতাল এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর থেকে এই নবজাতক স্ক্যাবুর চিকিৎসক ও নার্সদের আপনজনে পরিণত হয়েছে। হাসপাতালের শিশু সার্জারি বিভাগ, প্লাস্টিক সার্জারি বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের নয় সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড সার্বক্ষণিক নজর রাখছে নবজাতকের দিকে। দ্রুতই সেরে উঠেছে সে। এখন ওকে বিদায় জানাতে হবে।
গতকাল ওই নবজাতকের উদ্ধারকারীদের মধ্যে দুজন তানিয়া আক্তার এবং লিপি ওকে দেখতে যান। বিশেষ অনুমতি নিয়ে স্ক্যাবুর ভেতরে ঢোকেন। সেখান থেকে বের হয়েই তাঁদের মুখ খুশিতে ঝলমল করতে থাকে। অনুমতি নিয়ে মুঠোফোনে একটি ছবিও তুলে এনেছেন। তাঁদের বিশ্বাসই হচ্ছে না, তাঁরা যে নবজাতককে উদ্ধার করেছিলেন, আর যার ছবি তুললেন, তারা দুজনই এক। সেদিন ওর ঠোঁট ও নাক থেঁতলে রক্ত গড়িয়ে পড়ছিল। সারা শরীরে ছিল কুকুরের আঁচড়ের দাগ। অথচ এখন দেখলে মনেই হবে না ওর জীবনে এত বড় একটি ঘটনা ঘটেছে।
তানিয়া আক্তার নিজেই নবজাতককে নিজের কাছে নিতে চান। তাঁর এক ছেলে বাক্-শ্রবণপ্রতিবন্ধী। দুই নাতি আছে। দুই নাতি কথা বলতে পারে। কিন্তু একটি মেয়ের শখ। আর নবজাতকটির প্রতি মায়াও জন্মে গেছে। নবজাতককে পেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। এক ফাঁকে প্রথম আলোকে তানিয়া বললেন, ‘আমি না পাইলেও যেই পাক, ও যেন ভালো থাকে। আর যেন কষ্ট না পায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের অধ্যাপক মনীষা ব্যানার্জি প্রথম আলোকে বলেন, ‘ওই নবজাতককে দেখে আমরা সবাই প্রচণ্ড ধাক্কা খাই। আমাদের চিকিৎসকদের জন্যও ছিল নতুন অভিজ্ঞতা। এখন ও বলতে গেলে পুরোপুরি সুস্থ। ক্ষতস্থান শুকিয়ে এসেছে। ওজনও বেড়েছে। এখন ওকে বিদায় জানাতে হবে ভেবেই নার্সসহ আমাদের সবার খুব মন খারাপ হচ্ছে।’
নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘এ কয় দিন আমার প্রথম কাজ ছিল হাসপাতালে ঢুকেই গাউন গায়ে দিয়ে আগে ওকে দেখে আসা। ওর কাছে গেলেই মায়া লাগে। ও চলে গেলে খুব খারাপ লাগবে। ও এখন সুস্থ। ওকে আর রাখার সুযোগ নেই। সরকারের নিয়ম অনুযায়ী ওর নতুন আশ্রয়ের ব্যবস্থা করা হবে। সে প্রস্তুতি চলছে।’