চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে হারানো ‘রাজত্ব’ ফিরে পেতে মরিয়া বিএনপি। কেন্দ্রীয় নেতা থেকে শুরু দলের বিবদমান সব পক্ষ ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে। অন্যদিকে ‘রাজত্ব’ ধরে রাখতে চেষ্টার কমতি নেই আওয়ামী লীগের। স্থানীয় নেতাদের পাশাপাশি দক্ষিণ জেলার নেতারাও প্রচার চালাচ্ছেন নৌকার পক্ষে।
পটিয়া পৌরসভার গত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত কোনো প্রার্থী প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। সেবার বিএনপি-সমর্থিত মেয়র নুরুল ইসলামকে হারিয়ে জয়লাভ করেন আওয়ামী লীগের মো. হারুনুর রশিদ।
পটিয়া পৌরসভার এটি পঞ্চম নির্বাচন। প্রথম দুইবার মেয়র ছিলেন জাতীয় পার্টির সামশুল আলম। তিনি এবারও প্রার্থী হয়েছেন।
হারুনুর রশিদ এবারও আওয়ামী লীগের প্রার্থী। তবে দলের মনোনয়ন পাননি বিএনপির নুরুল ইসলাম। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন অপেক্ষাকৃত নতুন নেতা তৌহিদুল আলম।
পটিয়ায় বিএনপি তিন ধারায় বিভক্ত। তৌহিদুল আলম পটিয়ার সাবেক সাংসদ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহানের অনুসারী বলে প্রচার আছে। গাজী শাহজাহানের সঙ্গে বিরোধ আছে উপজেলা বিএনপির সভাপতি ইদ্রিচ মিয়ার। প্রথম দিকে ইদ্রিচ মিয়াকে নির্বাচনী মাঠে দেখা যায়নি। তবে কয়েক দিন ধরে দলীয় মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচারণায় দেখা যাচ্ছে পটিয়া উপজেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যানকে। গত বুধবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার দলীয় প্রার্থীর পক্ষে পথসভা করেন। এ সময় ইদ্রিচ মিয়া সেখানে ছিলেন। একই পথসভায় বিএনপির অপর একটি ধারার নেতৃত্বে থাকা উপজেলা বিএনপির সহসভাপতি এনামুল হকও উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।
ইদ্রিচ মিয়া বলেন, ‘প্রতীকের সঙ্গে কোনো বিরোধ নেই। আমরা মাঠে নেমেছি দলের মানমর্যাদা রক্ষায়।’ গাজী শাহজাহান বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই দলীয় প্রার্থীর পক্ষে মাঠে আছেন।’
এদিকে নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে দলীয় প্রার্থীর পক্ষে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন তাঁরা।
উপজেলা আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি দক্ষিণ জেলা সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান শুরু থেকেই দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় তৎপর।
জানতে চাইলে মফিজুর রহমান বলেন, ‘আমাদের প্রতীক নৌকা। প্রার্থীর ক্লিন ইমেজ আছে। তিনি অনেক কাজও করেছেন। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ তিনি বলেন, দলের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
প্রচারণায় প্রার্থীদের স্বজনেরা: আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র পদপ্রার্থীর স্বজনেরাও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। পাড়ায় পাড়ায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তাঁরা।
বুধবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদের দুই ভাই সিরাজুল মোস্তফা ও নাছির উদ্দিনসহ পরিবারের সদস্যরা পাইকপাড়া এলাকায় নৌকার পক্ষে প্রচারণা চালান। পরে হারুনুর রশিদের স্ত্রী শাহনাজ নাছরিনও তাঁদের সঙ্গে যোগ দেন।
গত বুধবার বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলামের স্ত্রী রোকসানা আক্তারকে গণসংযোগ করতে দেখা গেছে ৫ নম্বর ওয়ার্ডের হাদু তালুকদার বাড়িতে। এ সময় তৌহিদুল ইসলামের ভাবি ও বোনেরা সঙ্গে ছিলেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক}