রাজনীতি এখন অপরাজনীতিতে পরিণত হয়েছে। সরকার এখন কিছুই পরোয়া করে না। অথচ বঙ্গবন্ধু ধীরে ধীরে ৬ দফা, ১১ দফা থেকে ১ দফায় এসে স্বাধীনতা অর্জন করেন। এখন এ দেশে সুন্দরবনের রামপাল, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ নিয়ে রাজপথে নামতে হয়।
গতকাল সোমবার কুমিল্লায় আয়োজিত এক অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী এসব কথা বলেন। সন্ধ্যায় কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ের নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। কুমিল্লার সাপ্তাহিক পত্রিকা আমোদ-এর সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।
মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সভাপতি শাহ মো. আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আজিজুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান প্রমুখ। অনুষ্ঠানে ফজলে রাব্বীর একমাত্র ছেলে ও সাপ্তাহিক আমোদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক বাকীন রাব্বী উপস্থিত ছিলেন।
কবি আসাদ চৌধুরী আরও বলেন, সাপ্তাহিক আমোদ এই অঞ্চলের প্রাচীন পত্রিকা। মফস্বলে একটি সাপ্তাহিক পত্রিকা অর্ধশতাব্দীর বেশি সময় ধরে টিকে আছে, এটা অনেক বড় ব্যাপার।