জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ
‘রাজনীতি করতে হলে কি এতটা বর্বর আর নিষ্ঠুর হতে হয়!’
‘ভাই, আমি তো কোনো অপরাধ করিনি। কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গেও আমার সম্পৃক্ততা নেই। তার পরও আমাকে মারধর করা হলো। মারধরের সময় চিৎকার করে বলেছিলাম, আমি রাজনীতি করি না। কিন্তু ওরা তাতেও কান দেইনি। ধারালো অস্ত্র দিয়ে আমার মাথা ও পায়ের বিভিন্ন অংশে আঘাত করল।’ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের আসাদ এভাবেই কথাগুলো বললেন।গত বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় সাধারণ ছাত্রসহ অন্তত আটজন আহত হন। এঁদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় তাঁদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে ওই হাসপাতালে গিয়ে মাথা, পা ও হাতের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ৪০৬ নম্বর কেবিনে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ এবং ৪০৮ নম্বর কেবিনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র পলাশকে চিকিৎসা নিতে দেখা যায়। এ সময় আসাদের সঙ্গে কথা হলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত নাট্য পার্বণ উপলক্ষে নাটক দেখার উদ্দেশ্যে তিনি ক্যাফেটেরিয়া এলাকায় যান। এ সময় কয়েকজন ছাত্র তাঁকে কোন হলের ছাত্র জিজ্ঞেস করার পর তিনি মীর মশাররফ হোসেন হল বলার সঙ্গে সঙ্গে তাঁরা মারধর শুরু করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্ররা তাঁর মাথা, পা ও হাতের বিভিন্ন অংশে আঘাত করেন।আসাদের ঠিক পাশের কেবিনেই চিকিৎসাধীন পলাশ বলেন, ‘বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে, রাজনীতির জন্য কি এতটা বর্বর আর নিষ্ঠুর হতে হয়! ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটি জানার পর হলে হামলা হতে পারে—এই ভয়ে হল থেকে আমিসহ কয়েক বন্ধু নিরাপদ আশ্রয়ে রওনা হই। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে পৌঁছানোর পর অন্ধকারের মধ্যে কেউ একজন আমরা কোন হলের ছাত্র জানতে চায়। আমরা মীর মশাররফ হোসেন হল বলার সঙ্গে সঙ্গে রড, লাঠি ও রামদা হাতে কয়েকজন আমাদের ধাওয়া করে। অন্য বন্ধুরা পালাতে সক্ষম হলেও আমি কিছু দূর গিয়ে পড়ে যাই। আর তখই তারা আমাকে বেদম মারধর করে। আমার মাথা ও পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।’ এদিকে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে তাঁদের ওই হাসপাতালে ভর্তি করা হলেও গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ তাঁদের খোঁজ নেননি বলে জানা গেছে।তবে হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্র মুঠোফোনে বিভাগের শিক্ষক মো. তরিকুল ইসলামকে বিষয়টি অবহিত করলে তিনি হাসপাতালে যান এবং নিজে থেকে আহত ছাত্রদের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দিয়ে আসেন।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেবাশীস দাশ প্রথম আলোকে বলেন, আহত দুই ছাত্রের মাথা, হাত ও পায়ের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। সেখানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত।