'রাজনীতিবিদ, আমলা ও আইনজীবীদের কারণে ভেজাল প্রতিরোধ করা যাচ্ছে না'
রাজনীতিবিদ, আমলা ও আইনজীবীদের কারণে ভেজালবিরোধী অভিযান ও সুশাসন নিশ্চিত হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি, জনস্বাস্থ্যের প্রভাব ও উত্তরণ: প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক (এনফোর্সমেন্ট) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সেক্রেটারি মুনীর চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, প্রথমত কোনো প্রভাবশালী ব্যবসায়ী ভেজাল করতে গিয়ে ধরা পড়লে রাজনীতিবিদেরা তাঁদের ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। দ্বিতীয়ত, ঊর্ধ্বতন আমলারা তাঁদের প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তাঁদের আত্মীয়স্বজনকে রক্ষা করার চেষ্টা করেন। তৃতীয়ত, দেশে খ্যাতনামা আইনজীবীরা ভেজালকারীদের পক্ষে দ্রুত আইনি লড়াইয়ে নেমে যান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বনডিঙ্গসিইউ) আয়োজিত অনুষ্ঠানে সরকারের শীর্ষস্থানীয় সাবেক ও বর্তমান আমলা, রাজনীতিবিদ, শিক্ষক এবং পেশাজীবীরা উপস্থিত ছিলেন। রাজধানীর আগারগাঁও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সহযোগিতা করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), প্রথম আলো, চ্যানেল আই ও আয়েশা মেমোরিয়াল হাসপাতাল।
মুনীর চৌধুরী ২০০৪ সালের ভেজালবিরোধী অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, চট্টগ্রামের এক বিশিষ্ট ব্যবসায়ীর আমদানি করা ১১ হাজার বস্তা পচা গম আটকের পর তা ছেড়ে দিতে অনেক প্রভাবশালী রাজনীতিবিদ ও আমলা তদবির করেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক থাকাকালে দূষণকারীদের বিরুদ্ধে অভিযানে চালানোর সময়ও রাজনীতিবিদ ও আমলাদের চাপের মুখে পড়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা ভেজালকারীদের সঙ্গে রাজনীতিবিদ ও স্থানীয় সন্ত্রাসীদের সখ্যের বিষয়টি তুলে ধরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের সততার সঙ্গে কাজ করার ওপরে গুরুত্ব দেন। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা ভেজাল প্রতিরোধে জনসচেতনতার বাড়ানোর ওপরে জোর দেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০০৫ সাল থেকে ভেজালবিরোধী অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ভেজাল প্রতিরোধে দেশে যথেষ্ট পরিমাণে আইন রয়েছে। নতুন কোনো আইনের দরকার নেই। সততার সঙ্গে আইন প্রয়োগই এখন সবচেয়ে বড় সমস্যা। ভেজালবিরোধী অভিযান চালানোর জন্য ভ্রাম্যমাণ পরীক্ষাগার আমদানির জন্য তিনি সরকারের কাছে দাবি জানান।