'রাজনীতিবিদ ভালো হলেই পুলিশ ভালো হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদ ভালো হলেই দেশ ভালো হয়ে যাবে, পুলিশও ভালো হবে। স্বপ্নের পুলিশ পেতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন সৎ ও যোগ্য রাজনীতিবিদ। কারণ, রাজনীতিবিদেরাই দেশের সবকিছু নিয়ন্ত্রণ করেন।
গতকাল শনিবার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে ‘স্যালুট টু পুলিশ’ আয়োজিত ‘কথামালা, আইন মান্যতার সংস্কৃতি এবং আমাদের স্বপ্নের পুলিশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, এ দেশের দুর্নীতি অর্ধেক কমে যাবে যদি রাজনীতিকেরা ভালো হয়ে যান। এ দেশের চাঁদাবাজি অর্ধেক বন্ধ হয়ে যাবে যদি রাজনীতিকেরা চাঁদাবাজিতে সহায়তা বন্ধ করেন। তিনি আরও বলেন, রাজনীতিকে নেতিবাচকভাবে দেখলে ভালো মানুষ রাজনীতিতে আসবেন না। ফলে রাজনীতির এ মঞ্চ দখল করে নেবে খারাপ মানুষ। তাতে দেশের অবস্থা আরও খারাপ হবে।
মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, মানুষকে নিয়ন্ত্রণ এবং শাসন-শোষণ করার লক্ষ্য নিয়ে ইংরেজরা এ অঞ্চলের পুলিশ বাহিনী তৈরি করেছিল। এর ফলে ঐতিহাসিকভাবেই এ অঞ্চলের মানুষের মনে পুলিশ সম্পর্কে একটা ভয় ঢুকে গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, সমাজের মানুষ শত ভাগ সৎ হলেই কেবল শত ভাগ সৎ পুলিশ পাওয়া যাবে। কারণ, পুলিশ অন্য কোনো গ্রহ থেকে আসেনি। পুলিশ এ সমাজেরই অংশ। পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশকে প্রতিপক্ষ না মনে করে সহযোগিতা করুন।
স্যালুট টু পুলিশের সভাপতি জিনাত জোয়ার্দার রিপা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি পুলিশ ও মানুষের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা দূর করতে সবার প্রতি আহ্বান জানান।